ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৫৯ বার পঠিত | পড়ুন মিনিটে
যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায় নতুন কড়াকড়ির প্রস্তাব করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর।
শিশুর পাসপোর্টের আবেদন করার সময় বাবা-মায়ের নাগরিকত্ব বা অভিবাসন অবস্থার প্রমাণ জমা দেওয়ার বাধ্যবাধকতা আনার কথা বলা হয়েছে।
রয়টার্সের পর্যালোচনা করা স্টেট ডিপার্টমেন্টের একটি খসড়া নির্দেশিকায় এ তথ্য উঠে এসেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবেই এই নির্দেশিকা তৈরি করা হয়েছে।
প্রস্তাব কার্যকর হলে বাবা-মা বা আইনগত অভিভাবকদের বৈধ মার্কিন পাসপোর্ট, জন্মসনদ, আই-৯৪ ফর্ম কিংবা বৈধ স্থায়ী বাসিন্দার (গ্রিন কার্ড) প্রমাণ জমা দিতে হতে পারে।
এসব নথি যাচাই করে সরকার নির্ধারণ করবে, সংশ্লিষ্ট শিশু নতুন নির্বাহী আদেশের আওতায় মার্কিন নাগরিকত্ব পাওয়ার যোগ্য কি না।
খসড়া নির্দেশনায় আরও বলা হয়েছে, শিশুর বাবা বা মা যুক্তরাষ্ট্রে বিদেশি সরকারের হয়ে কাজ করলে কিংবা নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে প্রতারণা বা বাণিজ্যিক লেনদেনে জড়িত থাকলে শিশুটির নাগরিকত্ব আটকে দেওয়া হতে পারে।
‘এলিয়েন এনেমি’ হিসেবে শ্রেণিবদ্ধ বাবা-মায়ের সন্তানদের ক্ষেত্রেও নাগরিকত্ব আটকে দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
ট্রাম্পের এই উদ্যোগ অবশ্য আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে।
এর আগে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার তাঁর একটি নির্বাহী আদেশকে ৬-৩ ভোটে বেআইনি ঘোষণা করেছিল মার্কিন সুপ্রিম কোর্ট।
আদালত বলেছিল, ওই আদেশ সংবিধানের ১৪তম সংশোধনীর নাগরিকত্ব-সংক্রান্ত বিধানের সঙ্গে সাংঘর্ষিক।
সর্বশেষ আদেশ নিয়েও মামলা হয়েছে। মেরিল্যান্ডের ফেডারেল জেলা বিচারক ডেবোরাহ বোর্ডম্যান এটিকে ‘নজিরবিহীন’ বলে সংশয় প্রকাশ করেছেন।
সূত্র: রয়টার্স