ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৭৯ বার পঠিত | পড়ুন মিনিটে
বিমানে বোমা হামলার হুমকি পাওয়ার পর মাঝপথে গতিপথ পরিবর্তন করে জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। সৌদি আরবের দাম্মাম থেকে ভারতের নয়াদিল্লিগামী বিমানটির এক ক্রু সদস্য টিস্যু পেপারে ‘বোমা’ লেখা একটি বার্তা দেখতে পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে বিমানটি ভারতের গুজরাটের আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
আহমেদাবাদ পুলিশের ‘জি’ ডিভিশনের সহকারী পুলিশ কমিশনার ভি এন যাদব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উড্ডয়নরত বিমানে বোমাসংক্রান্ত লিখিত বার্তা পাওয়ার পর পাইলটরা নিরাপত্তার স্বার্থে বিমানটি আহমেদাবাদের দিকে ঘুরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বিমানটি আহমেদাবাদ বিমানবন্দরে অবতরণ করে। এরপর নিরাপত্তারক্ষী সংস্থাগুলো পুরো বিমানে তল্লাশি চালায়। তবে তল্লাশিতে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
ফ্লাইটটিতে থাকা ৩২ জন যাত্রীই নিরাপদ আছেন। তাঁদের আপাতত আহমেদাবাদ বিমানবন্দরের টার্মিনাল-২-এ রাখা হয়েছে।
টিস্যু পেপারে ‘বোমা’ লেখা বার্তাটি কে বা কারা লিখেছে এবং কীভাবে সেটি বিমানে এসেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্র: মিন্ট