ডেস্ক রিপোর্ট | সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৩২ বার পঠিত | পড়ুন মিনিটে
‘এশিয়ার নোবেল’ হিসেবে পরিচিত র্যামন ম্যাগসাইসাই পুরস্কার-২০২৬ পেয়েছেন বাংলাদেশের বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান।
সোমবার (৩১ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন এ বছরের বিজয়ীদের নাম ঘোষণা করে। রুনা খানের সঙ্গে এ বছর পুরস্কার পেয়েছেন সিঙ্গাপুরের টমি কোহ ও মিয়ানমারের বো চি।
প্রতিবছর ৩১ আগস্ট ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র্যামন ম্যাগসাইসাইয়ের জন্মদিনে এ পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ বছর তার ১১৯তম জন্মবার্ষিকী। এর মধ্য দিয়ে ৬৮তম র্যামন ম্যাগসাইসাই পুরস্কার উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়েছে।
আগামী ১৫ নভেম্বর ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, মানুষের সেবা, বিভিন্ন সম্প্রদায়ের জন্য সুযোগ তৈরি এবং মানুষকে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তার মতো মূল্যবোধের প্রতিফলন ঘটানো কাজের স্বীকৃতি হিসেবে এ বছরের বিজয়ীদের নির্বাচিত করা হয়েছে।
রুনা খান ২০০২ সালে ফ্রেন্ডশিপ প্রতিষ্ঠা করেন। দুর্গম ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়া, দারিদ্র্য ও বৈষম্য মোকাবিলা এবং পরিবেশগত সংকট মোকাবিলায় কাজ করে আসছে প্রতিষ্ঠানটি।
র্যামন ম্যাগসাইসাই ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট ছিলেন। ১৯৫৭ সালের ১৭ মার্চ এক বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়। একই বছর প্রতিষ্ঠিত হয় র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন। ১৯৫৮ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।
২০০৯ সাল থেকে পুরস্কারটি কোনো নির্দিষ্ট শ্রেণিতে সীমাবদ্ধ নেই। বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান, নেতৃত্ব ও মানবসেবার স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ এ পুরস্কার দেওয়া হয়।