ডেস্ক রিপোর্ট | সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১৩৬ বার পঠিত | পড়ুন মিনিটে
উত্তর সাইপ্রাসের উপকূলে যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত আটজন নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় ফেরিটিতে ২৫৯ জন যাত্রী ও আটজন ক্রু ছিলেন। নিখোঁজদের উদ্ধারে তুরস্কের অংশগ্রহণে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।
উত্তর সাইপ্রাসের স্বঘোষিত তুর্কি প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী উনাল উস্তেল জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জনপ্রিয় পর্যটন শহর কিরেনিয়া থেকে তুরস্কের উদ্দেশে যাত্রা করে ফেরিটি। খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের কিছুটা পর ফেরিটি ছেড়ে যায়।
যাত্রার পর ফেরিটি দুটি বড় ঢেউয়ের আঘাতে পড়ে। প্রথম ঢেউয়ের ধাক্কা সামলে ওঠার চেষ্টা করার সময় দ্বিতীয় ঢেউ আঘাত হানে। এতে ফেরিটিতে পানি ঢুকতে শুরু করে এবং একপর্যায়ে এটি উল্টে যায়।
দুর্ঘটনার পর হেলিকপ্টার ও কোস্টগার্ডের নৌযান ঘটনাস্থলে পাঠানো হয়। তীরে উদ্ধার হওয়া যাত্রীদের জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়। উত্তর সাইপ্রাসের পরিবহনমন্ত্রী এরহান আরিকলি জানিয়েছেন, প্রায় ১০০ জন যাত্রীকে তীরে নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা মুস্তাফা কোচ নিজের নৌকা নিয়ে প্রায় ৬৫ জনকে উদ্ধার করেন। বিবিসিকে তিনি বলেন, সেদিন সমুদ্র বেশ উত্তাল ছিল এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরিটির যাত্রা করা উচিত ছিল না। তাঁর দাবি, ফেরিটি শনিবার কিরেনিয়ায় আসার সময় সামনের অংশে কিছুটা ক্ষতিগ্রস্ত ছিল।
৪০ মিটার দীর্ঘ ও ১০ মিটার প্রশস্ত উচ্চগতির ‘ফিলো জেট’ নামের ফেরিটি তুরস্কের পতাকায় চলাচল করত বলে মেরিন ট্রাফিকের তথ্য থেকে জানা গেছে। রবিবার সন্ধ্যায় পরিবহনমন্ত্রী এরহান আরিকলি জানান, ফেরিটি পুরোপুরি ডুবে গেছে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ফেরিটির ক্যাপ্টেন ও সাতজন ক্রুকে আটক করা হয়েছে। ঘটনাটিতে কোনো ধরনের অবহেলা ছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী উনাল উস্তেল বলেছেন, পূর্ণাঙ্গ তদন্তে সামান্যতম অবহেলাও খুঁজে বের করা হবে এবং দায়ী ব্যক্তি যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
ফেরিটি পরিচালনাকারী প্রতিষ্ঠান ফিলো দেনিজজিলিক দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। যাত্রীদের স্বজনদের তথ্য দেওয়ার জন্য একটি হটলাইন চালু করা হয়েছে। তবে ফেরিতে থাকা যাত্রীদের জাতীয়তা ও আহতদের বর্তমান অবস্থা এখনও স্পষ্ট নয়।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তুর্কি সাইপ্রিয়টদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত থাকার কথা জানিয়েছেন।
স্থানীয় টেলিভিশনে প্রচারিত ছবিতে পানিতে উল্টে থাকা ফেরির ওপর লাইফ জ্যাকেট পরা মানুষদের দেখা গেছে। উদ্ধারকারী নৌযানগুলোও ঘটনাস্থলে কাজ করছে।
উত্তর সাইপ্রাসের স্বঘোষিত তুর্কি প্রজাতন্ত্রকে শুধু তুরস্ক স্বীকৃতি দেয়। ১৯৭৪ সাল থেকে সাইপ্রাস দ্বীপটি বিভক্ত; দ্বীপটির উত্তরাঞ্চলের প্রায় এক-তৃতীয়াংশ উত্তর সাইপ্রাসের নিয়ন্ত্রণে রয়েছে।
সূত্র: বিবিসি