শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আদমজী ইপিজেডে ফের শ্রমিক অসুস্থ, কারখানায় ছুটি ঘোষণা

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২৩ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আদমজী ইপিজেডে ফের শ্রমিক অসুস্থ, কারখানায় ছুটি ঘোষণা

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে টানা দ্বিতীয় দিনের মতো শ্রমিকদের অসুস্থ ও অজ্ঞান হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৩ আগস্ট) সকালে প্রায় ৪০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় দিনের জন্য কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

অসুস্থ শ্রমিকদের কয়েকজনকে বেপজা হাসপাতাল, স্থানীয় আলিফ হাসপাতাল, সুগন্ধা হাসপাতাল ও নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শ্রমিকরা জানান, রোববার সকাল ৬টার দিকে তারা কাজে যোগ দেন। সকাল ৭টার পর কয়েকজন শ্রমিক হঠাৎ অসুস্থতা অনুভব করতে শুরু করেন। একপর্যায়ে কয়েকজন অজ্ঞান হয়ে পড়লে অন্য শ্রমিকদের মধ্যেও অসুস্থতা ছড়িয়ে পড়ে।

বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে দ্রুত অসুস্থ শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) বিল্লাল হোসেন বলেন, শনিবারের মতো রোববারও কাজে যোগ দেওয়ার পর কয়েকজন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থ শ্রমিকের সংখ্যা বাড়তে থাকায় সকাল সাড়ে ৮টার দিকে কারখানা ছুটি ঘোষণা করা হয়। তবে শ্রমিকদের অসুস্থ হওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে শনিবার দুপুরের পর একই কারখানার শতাধিক নারী শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত সময়ের আগেই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রমিকদের ছুটি দেওয়া হয়।

টানা দুই দিন একই কারখানায় বিপুলসংখ্যক শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় শ্রমিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত অসুস্থতার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর ওসি (ইন্টেলিজেন্স) মো. আনোয়ারুল হক বলেন, প্রচণ্ড গরমের কারণে আজও ওই কারখানার বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় কর্তৃপক্ষ কারখানাটি দিনের জন্য ছুটি ঘোষণা করেছে।

এদিকে, এ বিষয়ে আদমজী ইপিজেডের নির্বাহী পরিচালক মো. আবদুর রহমান ভূঁইয়ার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম