ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৫৯ বার পঠিত | পড়ুন মিনিটে
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য গণমাধ্যমে প্রচার করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য কেবল ‘আস্ফালন’; বাস্তবে দেশে ফেরার সক্ষমতা তার নেই। তিনি বলেন, সরকার যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতসহ সব দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে। এ ক্ষেত্রে কোনো ধরনের ভূরাজনৈতিক সমস্যা নেই।
দেশের খাদ্য ও জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমানে দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। টমেটো ও কাঁচামরিচের দামও শিগগিরই সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে।
বিদ্যুতের অতিরিক্ত বিল প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, কোনো গ্রাহক অস্বাভাবিক বিল পেলে সংশ্লিষ্ট অভিযোগকেন্দ্রে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন।
এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণে ঢাকার বাইরে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে জানিয়ে তিনি বলেন, গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুতের চাহিদা বেড়েছে। তবে কয়েক দিনের মধ্যেই ধাপে ধাপে গ্যাস সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।