শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম কক্সবাজারসহ দেশের সব পর্যটনকেন্দ্রে নিরাপদ পর্যটন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন ভবনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রস্তাবিত ‘মানিকগঞ্জ জেলাভিত্তিক পর্যটন সার্কিট গঠন, উন্নয়ন ও ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পের ডিপিপি যাচাই কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় মানিকগঞ্জে জেলাভিত্তিক পর্যটন সার্কিট গঠনের ক্ষেত্রে নদীকেন্দ্রিক পর্যটনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পর্যটন তথ্য ও সেবা কেন্দ্র, হস্তশিল্প কেন্দ্র এবং লাইফগার্ড সেবা কেন্দ্র স্থাপনের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

পর্যটনমন্ত্রী বালিয়াটি প্রাসাদ, ধামরাই লোকশিল্প কেন্দ্রসহ অন্যান্য ঐতিহ্যবাহী পর্যটন স্থাপনার সংরক্ষণ, পুনর্বাসন ও পর্যটনবান্ধব উন্নয়নের নির্দেশনা দেন। তিনি বলেন, প্রতিটি পর্যটনস্থানের জন্য পৃথক পর্যটন থিম নির্ধারণ করে প্রকল্প গ্রহণ করতে হবে। পাশাপাশি নতুন পর্যটন গন্তব্যকে স্থানীয় জনগণের জীবন-জীবিকার সঙ্গে সম্পৃক্ত করার বিষয়েও গুরুত্ব দিতে হবে।

আফরোজা খানম বলেন, গত ১৭ বছরে দেশের পর্যটন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তাই সরকারি ও বেসরকারি অংশীজনদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এ খাতকে আরও এগিয়ে নিতে হবে। তিনি জানান, কর্ণফুলী টানেল ও পদ্মা সেতু সংলগ্ন অতিথিশালাগুলো সাধারণ মানুষের জন্য পর্যটন আকর্ষণ হিসেবে উন্মুক্ত করার উদ্যোগ দ্রুত নেওয়া হবে।

এ ছাড়া, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রমোশনাল ওয়েবসাইটের মাধ্যমে দেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম