ডেস্ক রিপোর্ট | রবিবার, ০২ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৩৬ বার পঠিত | পড়ুন মিনিটে
ফাইল ছবি
দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাই কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। তবে এ বিষয়ে বাংলাদেশ পুলিশের কাছে এখনো কোনো নিশ্চিত তথ্য নেই বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
রোববার (২ আগস্ট) প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, স্থানীয় আদালত বেনজীর আহমেদের জামিন আবেদন মঞ্জুর করার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তিনি কারামুক্ত হয়েছেন। যদিও এ বিষয়ে দুবাই কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিবেদনগুলোতে দুবাই-সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে বলা হয়েছে, জামিনের শর্ত হিসেবে বেনজীর আহমেদের পাসপোর্ট আদালতের হেফাজতে রাখা হয়েছে। এছাড়া আদালতের পূর্বানুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। মামলার বিচারিক কার্যক্রম চলাকালে এসব শর্ত কার্যকর থাকবে।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা সাংবাদিকদের জানান, বেনজীর আহমেদের জামিন বা মুক্তির বিষয়ে তাদের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। বিষয়টি যাচাই করা হচ্ছে এবং এ মুহূর্তে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না।
এর আগে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে গত ১২ জুন বাংলাদেশ কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানানো হয় যে, দুবাই পুলিশের সহায়তা এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।
অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে বেনজীর আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা করেছে দুদক। এসব অভিযোগের তদন্তের অংশ হিসেবে তার বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়। তার বিরুদ্ধে বাংলাদেশের আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র্যাবের কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে বেনজীর আহমেদের নামও সেই তালিকায় অন্তর্ভুক্ত হয়।