শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শিশুরাই আগামীর বাংলাদেশ এবং দেশ গড়ার সৈনিক: ডা. জুবাইদা

জাতীয় ডেস্ক   |   সোমবার, ০৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিশুরাই আগামীর বাংলাদেশ এবং দেশ গড়ার সৈনিক: ডা. জুবাইদা

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডা. জুবাইদা রহমান শিশুদের উদ্দেশে বলেছেন, ‘তোমরা জাতির ভবিষ্যৎ, তোমরাই আগামীর বাংলাদেশ এবং দেশ গড়ার মহান সৈনিক। তোমরা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে লেখাপড়া করে দেশের মুখ উজ্জ্বল করবে, পৃথিবীর বুকে বাংলাদেশকে উজ্জ্বল করবে।’ সোমবার রাজধানীর তেজগাঁও সরকারি শিশু পরিবার (বালিকা) পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

ডা. জুবাইদা পরে শিশু দিবাযত্ন কেন্দ্র, ভূমি ভবন ও শিশু দিবাযত্ন কেন্দ্র, পানি ভবন পরিদর্শন করেন এবং শিশুদের সঙ্গে কেক কাটেন। এরপর পানি ভবনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের শিশু দিবাযত্ন কেন্দ্র (ডে কেয়ার সেন্টার) সম্পর্কিত কার্যক্রমের আওতায় ‘শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।

মানসম্মত, সার্বজনীন প্রাক-প্রাথমিক শিক্ষার সুযোগ, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের মাধ্যমে শিশুর জ্ঞান এবং সামাজিক বিকাশ শক্ত ভিত্তির ওপর গড়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ডা. জুবাইদা। তিনি বলেন, ‘শৈশব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এ সময়ে বিভিন্ন জিনিসের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। দিবা পরিচর্যা কেন্দ্র শুধু নিরাপদে থাকার স্থান নয়, দেশের ভবিষ্যৎ গড়ায় সহায়ক।’

এ সময় তিনি সব কেয়ার গিভার মা-বোনদের, তাদের মানবিক এবং অত্যন্ত কঠিন কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। জুবাইদা রহমান বলেন, ‘আপনারা মানবিক যত্নের মাধ্যমে অন্যের শিশুদের বড় করছেন। আপনারা আছেন বলেই, অনেক মা বোন, স্বাচ্ছন্দ্যে চাকরি ক্ষেত্রে যোগদান এবং কাজ করতে পারছেন। শিশুরাও নিরাপদ পরিবেশে বেড়ে উঠছে।’

কর্মশালায় মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ১৯৯২ সালে বেগম খালেদা জিয়ার হাত ধরে ছয়টি ডে কেয়ার সেন্টার স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশে ডে কেয়ার সেন্টারের যাত্রা শুরু হয়। বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা মোতাবেক অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা করা। ‘আমি নয় আমরা’, ‘করবো কাজ, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’– এ স্লোগানকে সামনে রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম