আন্তর্জাতিক ডেস্ক | বুধবার, ০১ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৪০ বার পঠিত | পড়ুন মিনিটে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা পরোক্ষাভাবে আলোচনায় বসবেন। বিষয়টি সম্পর্কে অবগত কূটনৈতিক সূত্র এএফপিকে তথ্যটি নিশ্চিত করেছেন।
ওই কূটনীতিক বলেন, স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি নিয়ে বুধবার ওয়াশিংটন ও তেহরানের কর্মকর্তারা কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় কারিগরি আলোচনায় বসবেন। তবে এতে যুক্তরাষ্ট্রের দুই বিশেষ প্রতিনিধি জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ অংশ নেবেন না।
এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, কাতারের রাজধানী দোহায় দুই দেশের প্রতিনিধিরা সরাসরি বৈঠক করবেন। তখন ইরানের নেতারা এই দাবি প্রত্যাখ্যান করেছিলেন। বুধবার দেশটির কর্মকর্তাদের দোহা সফরে যাওয়ার কথা আছে।
পরোক্ষ আলোচনার কেন্দ্রে থাকা সমঝোতা স্মারকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। যেমন- ৬০ দিনের যুদ্ধবিরতি, অবরুদ্ধ হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো।
মার্কিন প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ দুই সদস্য কুশনার ও উইটকফ মঙ্গলবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করেছেন। এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে এই তিন নেতা সমঝোতা স্মারকের পাশাপাশি লেবানন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।