আন্তর্জাতিক ডেস্ক | মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ | প্রিন্ট | ১ বার পঠিত | পড়ুন মিনিটে
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সম্ভাব্য চুক্তিটি আমেরিকান জনগণের জন্য একটি বড় সাফল্য হতে যাচ্ছে। এখানে ইসরায়েলের পছন্দ, অপছন্দ গুরুত্বপূর্ণ বিষয় নয়।
মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অনেকগুলো অভিন্ন স্বার্থ আছে। তবে কিছু পরিস্থিতিতে পারস্পরিক স্বার্থের ভিন্নতা তৈরি হওয়া অস্বাভাবিক নয়।
ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প একটি বিষয় স্পষ্ট করেছেন। তা হলো- ইসরায়েলের নিজস্ব কিছু লক্ষ্য থাকাটা স্বাভাবিক। তবে ইরানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য পারমাণবিক অস্ত্র না থাকা নিশ্চিত করা।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট দাবি করেন, ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর থেকে হোয়াইট হাউস একটি পারমাণবিক চুক্তির সুযোগ তৈরি করছে। এই চুক্তি বারাক ওবামার আমলে (২০১৫) হওয়া চুক্তির চেয়েও অনেক বেশি কার্যকর হবে।
ভ্যান্সের এমন মন্তব্যের আগে নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প জানান, দুই থেকে তিনদিনের মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এখন এমন একটি আলোচনার চূড়ান্ত পর্যায়ে আছি যা অত্যন্ত চমৎকার চুক্তি হতে যাচ্ছে।’