আন্তর্জাতিক ডেস্ক | রবিবার, ০৭ জুন ২০২৬ | প্রিন্ট | ৫ বার পঠিত | পড়ুন মিনিটে
গাজায় একটি বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। হামলায় আহত হয়েছেন আরও এক ডজনের বেশি মানুষ, যাদের কয়েকজনের অবস্থা গুরুতর।
বিয়ের জন্য স্থাপিত একটি তাঁবুকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার সময় তাঁবুটি অতিথিতে পরিপূর্ণ ছিল। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং বহু মানুষ আহত হন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গাজার আল-শিফা হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে অনেকেরই গুরুতর আঘাত রয়েছে। তাদের আল-শিফা হাসপাতাল ও একটি ফিল্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক মুহূর্ত আগেও যেখানে বিয়ের আনন্দ-উৎসব চলছিল, হামলার পর সেই স্থান পরিণত হয় রক্তাক্ত ও শোকাবহ দৃশ্যে। ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে শুধু বিয়ের তাঁবুই নয়, এর শার্পনেল পাশের একটি স্কুলেও আঘাত হানে। ওই স্কুলটিতে বাস্তুচ্যুত বহু ফিলিস্তিনি পরিবার আশ্রয় নিয়েছিল।
অন্যদিকে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন জানায়, দখলকৃত পশ্চিম তীরে সাত মাস বয়সী একটি ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। শিশুটি তার মা-বাবার সঙ্গে একটি গাড়িতে ছিল। ওই গাড়িতে গুলি চালানো হয়। শিশুটির বাবা বলেন, গুলি তার হাত ভেদ করে তার সন্তানের গায়ে বিদ্ধ হয়।
গতকাল শুক্রবার হেবরন শহরের তেল রুমেইদা এলাকায় এ ঘটনা ঘটে। সেনাদের নির্দেশ মেনে গাড়ি থামানোর পরও ওই পরিবারের গাড়িতে গুলি চালানো হয়।
সাত মাসের ওই শিশুর নাম সাম ফাহ্দ আবু হাইকাল। গুলিবিদ্ধ হওয়ার পর মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে সে মারা যায়। তার আহত মা-বাবাকেও চিকিৎসা নিতে হয়েছে।