শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

‘ডোনাল্ড ট্রাম্প’ নামের বানান ভুল, চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

জাতীয় ডেস্ক   |   রবিবার, ৩১ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘ডোনাল্ড ট্রাম্প’ নামের বানান ভুল, চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর নাম প্রদর্শন এবং পরে সেই নামের বানান ভুল লেখার ঘটনায় জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শনিবার বিকেলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পশুপালন) ক্যাডারের কর্মকর্তা ও জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি চাকরি আইন, ২০১৮ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। তবে প্রজ্ঞাপনে অভিযোগের প্রকৃতি উল্লেখ করা হয়নি।

প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল জানিয়েছে, সম্প্রতি জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত অ্যালবিনো মহিষটির পরিচিতি ফলকে ‘ডোনাল্ড ট্রাম্প’-এর পরিবর্তে ‘ডোনাল্ড ট্টাম্প’ লেখা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং পরে সরকারের উচ্চপর্যায় পর্যন্ত গড়ায়।

সূত্রগুলোর দাবি, শুধু বানান ভুল নয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে একটি মহিষের নাম সরকারি প্রতিষ্ঠানের প্রদর্শনী বোর্ডে বহাল রাখা নিয়েও আপত্তি ওঠে। পুরো বিষয়টিকে প্রশাসনিকভাবে বিব্রতকর হিসেবে দেখা হয়।

প্রাণিসম্পদ অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, শুধু বানান ভুল নয়, সরকারি প্রতিষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প নামটি ব্যবহারের বিষয়টিও আলোচনায় আসে। দুটি বিষয় মিলিয়েই সিদ্ধান্ত হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, একজন আন্তর্জাতিকভাবে পরিচিত রাষ্ট্রনেতার নামে প্রাণীর নাম প্রদর্শন এবং পরে সেই নামও ভুলভাবে লেখা গ্রহণযোগ্য মনে করা হয়নি। বিষয়টি উচ্চপর্যায় পর্যন্ত গিয়েছিল।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পৃথক এক প্রজ্ঞাপনে ডা. মো. আতিকুর রহমানকে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সমমান) পদে বদলি করা হয়। তাঁকে লিভ, ডেপুটেশন অ্যান্ড ট্রেনিং রিজার্ভে দায়িত্ব দেওয়া হয়েছিল। একই প্রজ্ঞাপনে ডা. মো. হাবিবুর রহমানকে জাতীয় চিড়িয়াখানার নতুন কিউরেটর হিসেবে পদায়ন করা হয়।

পবিত্র ঈদুল আজহার আগে দেশজুড়ে আলোচনায় আসে প্রায় ৭০০ কেজি ওজনের বিরল অ্যালবিনো মহিষটি। গোলাপি-সাদা রঙ, মাথার সামনের সোনালি চুল এবং শারীরিক বৈশিষ্ট্যের কারণে খামারিরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অনুসারে এর নাম রাখেন।

পরে মহিষটি দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রচার পায়। সরকার প্রাণীটিকে সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। পরে সেটিকে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়। চিড়িয়াখানায় প্রদর্শনের সময় পরিচিতি ফলকে ‘ডোনাল্ড ট্টাম্প’ লেখা হলে নতুন বিতর্কের সৃষ্টি হয়। সমালোচনার মুখে পরে ফলক পরিবর্তন করা হয় এবং মহিষটির নাম ‘সাদা মহিষ’ হিসেবে প্রদর্শন করা শুরু হয়।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম