শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আটকে পড়াদের দ্রুত যাওয়ার ব্যবস্থা করবে সরকার

জাতীয় ডেস্ক   |   মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আটকে পড়াদের দ্রুত যাওয়ার ব্যবস্থা করবে সরকার

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে চলমান সংকটে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়েছে। গতকাল সোমবার এ বৈঠকে অংশ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সাংবাদিকদের জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে ও ফ্লাইট চালু হলে মধ্যপ্রাচ্যে যেতে আগ্রহীদের দ্রুত গমনের ব্যবস্থা করা হবে।

বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৈঠকের পর তিনি জানান, বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফোন করেছিলেন। তারা সবাই বাংলাদেশিদের সম্পূর্ণ নিরাপত্তা ও সুরক্ষার আশ্বাস দিয়েছেন। সংঘাতময় সময়ে আমাদের অগ্রাধিকার হচ্ছে অঞ্চলটিতে বসবাসরত বাংলাদেশিরা যাতে নিরাপদ থাকেন। তিনি বলেন, অনেকে বিদেশে কাজ করতে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। বর্তমানে তারা আটকে পড়েছেন। যখন ফ্লাইট চালু হবে, তখন দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় বাংলাদেশের অবস্থান নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশিদের স্বার্থ রক্ষা সরকারের প্রথম দায়িত্ব। বাংলাদেশ মনে করে না যুদ্ধ বা সংঘাত কোনো সমাধান। আমরা চাই অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে আলোচনা ও কূটনীতির মাধ্যমে এ সমস্যার সমাধান হোক। যে আলোচনা থেমে গিয়েছিল, তা আবার নতুন করে শুরু করতে আহ্বান জানিয়েছি। পরিস্থিতি নিয়ে সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা জানতে চাইলে খলিলুর রহমান বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

বৈঠকে অংশ নেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, সংকট কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ হয়েছে কিনা– এ প্রশ্নে তিনি বলেন, প্রতিনিয়ত আমরা রাষ্ট্রদূতদের সঙ্গে যোগাযোগ রাখছি। ভিসা জটিলতায় যারা পড়তে যাচ্ছেন, তাদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভিসাসংক্রান্ত বিষয়ে একটি সেল গঠন করা হয়েছে। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তাদের সহায়তা করতে সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে।

মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, গত দুদিনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আটকে পড়া যাত্রীদের সুরক্ষা ও সুবিধার বিষয়টি দেখেছে। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এবং যাদের টিকিট স্থগিত হয়েছে, তারা পরবর্তী সময়ে যাতে নিয়ম অনুযায়ী সুবিধাগুলো পান, এ বিষয়গুলো আলোচনা হয়েছে। ইরানে হামলার বিরুদ্ধে বাংলাদেশ সরাসরি কোনো বিবৃতি দেয়নি কেন– এ প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে দুটি বিবৃতি দেওয়া হয়েছে। প্রয়োজনে আমরা ভবিষ্যতে বিবৃতি দেব।
মধ্যপ্রাচ্য থেকে মরদেহ ফিরিয়ে আনার প্রশ্নে তিনি বলেন, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে। যখনই পরিস্থিতি স্বাভাবিক হবে, মরদেহ আনার ব্যবস্থা সরকার করবে।

১২৭ ফ্লাইট বাতিল
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের ফলে বিশ্বব্যাপী আকাশপথে উড়োজাহাজ চলাচল ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকালও বিশ্বজুড়ে হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে বাতিল হয়েছে আরও ২৫টি ফ্লাইট। যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে পরিবর্তন থাকতে পারে বলে জানিয়েছে উভয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

Facebook Comments Box
বিষয় :
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম