জাতীয় ডেস্ক | বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ২৭ বার পঠিত | পড়ুন মিনিটে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দুই দলের আট নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান। এ-সংক্রান্ত চিঠি ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে পাঠানো হয়েছে।
ইসি জানিয়েছে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, দলটির নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি ও সাবেক এমপি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ এবং মাওলানা রফিকুল ইসলাম খান নিরাপত্তা চেয়েছেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
একই সঙ্গে গাজীপুর-১ আসনের বিএনপি প্রার্থী মজিবুর রহমানকে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন পর্যন্ত নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে ইসি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে পাঠানো চিঠিতে বলা হয়, মজিবুর রহমান ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন পর্যন্ত উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেছেন। দাখিলকৃত আবেদনের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।