আন্তর্জাতিক ডেস্ক | বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ৫৮ বার পঠিত | পড়ুন মিনিটে
আফগানিস্তানে চার তরুণকে আটক করে পুনর্বাসনের ব্যবস্থা নিয়েছে তালেবান সরকার। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ‘পিকি ব্লাইন্ডার্সের’ অভিনেতাদের অনুকরণ করে তারা দেশটিতে বিদেশি সংস্কৃতি প্রচার করেছে।
পিকি ব্লাইন্ডার্স হলো জনপ্রিয় ব্রিটিশ ড্রামা সিরিজ। যুক্তরাজ্যের কল্পিত অপরাধ চক্রের সদস্যদের কেন্দ্র করে এই সিরিজের গল্প সাজানো হয়েছে। তাদের আইকনিক পোশাক হলো- গাঢ় রঙের থ্রি-পিস টুইড স্যুট (জ্যাকেট, ওয়েস্টকোট, ট্রাউজার), সাদা শার্ট, লম্বা ওভারকোট ও মাথায় ফ্ল্যাট ক্যাপ, যেটি চোখের দিকে কিছুটা নামানো থাকে।
তালেবান সরকারের নৈতিক উন্নয়ন ও অনৈতিকতা প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ওই চার তরুণ দক্ষিণাঞ্চলীয় হেরাত প্রদেশের জিবরাইল এলাকার বাসিন্দা। পিকি ব্লাইন্ডার্সের অভিনেতাদের পোশাক পরে রাস্তায় হাঁটার কারণে তারা বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এর মাধ্যমে বিদেশি সংস্কৃতি প্রচারের অভিযোগে তাদের আটক করা হয়।
পিকি ব্লাইন্ডার্স সিরিজের চরিত্রের সাজে আফগান তরুণরা। ছবি: ভিডিও থেকে নেওয়া
পিকি ব্লাইন্ডার্স সিরিজের চরিত্রের সাজে আফগান তরুণরা। ছবি: ভিডিও থেকে নেওয়া
মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ উর ইসলাম খাইবার সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে জানান, ওই চারজনের বয়স ২০ এর ঘরে। তারা হেরাতে বিদেশি সংস্কৃতি প্রচার করছিল ও সিরিজটির অভিনেতাদের অনুকরণ করছিল। তাদের আটক করা হয়েছে এবং তাদের একটি পুনর্বাসন কর্মসূচির আওতায় আনা হয়েছে।
তবে মঙ্গলবার সিবিএস নিউজকে সাইফ উর ইসলাম বলেন, ‘চার তরুণকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়নি। তাদের ডেকে পরামর্শ দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। তারা যে পোশাক পরেছিল, সেটিতে কোনো আফগান পরিচয় নেই। এছাড়া, আমরা মুসলিম; আমাদের উচিত ধার্মিক পূর্বসূরিদের অনুসরণ করা।’
আসগর হুসাইনাই, জলিল ইয়াকুবি, আশোরে আকবারি ও দাউদ রাসা নামে যাদের আটক করা হয়েছিল তারা পরস্পরের বন্ধু। পিকি ব্লাইন্ডার্সের পোশাক পরে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের হাঁটার ভিডিও ও ছবি সম্প্রতি স্থানীয় সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মাঝে ছড়িয়ে পড়ে। এরপরই তাদের আটক করা হয়।