জাতীয় ডেস্ক | বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ৯৫ বার পঠিত | পড়ুন মিনিটে
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে।
নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার পাসকাল গ্রোটেনহুইস মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি একথা বলেন।
বৈঠকে বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ এবং কৃষি, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, যুব উন্নয়ন, তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের সম্ভাবনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, ‘সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আগের স্বৈরাচারী সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি কারচুপির নির্বাচনে ভোট দিতে না পারা রেকর্ডসংখ্যক নতুন ভোটার এবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন। এটি আমাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত। যে তরুণেরা বিদ্রোহের সময় ঢাকা ও দেশের বিভিন্ন শহরের দেয়ালে গ্রাফিতি ও চিত্র এঁকেছিলেন, এখন তারাই ভোট দিতে আসবেন।’
পাসকাল গ্রোটেনহুইস বাংলাদেশের শ্রম আইন সংস্কারকে স্বাগত জানান। তিনি বলেন, শ্রম খাতে সাম্প্রতিক সংস্কার নেদারল্যান্ডসসহ ইউরোপের বিনিয়োগ আকৃষ্ট করতে ভূমিকা রাখবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করার পরিকল্পনা করছে নেদারল্যান্ডস।
তাঁর আশা, শিগগিরই এটি সম্পন্ন হবে এবং বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়বে। নেদারল্যান্ডসের যেসব কোম্পানি এত দিন বাংলাদেশ থেকে পণ্য আমদানি করেছে, তারা এখন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী এবং সরাসরি অংশীদার হিসেবে কাজ করতে চায়।