জাতীয় ডেস্ক | সোমবার, ১০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ৫০ বার পঠিত | পড়ুন মিনিটে
পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। রোববার তিনি বনানীর নৌবাহিনী সদরদপ্তরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি নৌবাহিনী সদরদপ্তরে এলে নৌবাহিনী প্রধান তাঁকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার দেয়।
আইএসপিআর জানায়, সাক্ষাতে দুই দেশের নৌবাহিনীর মধ্যকার পেশাগত ও প্রশিক্ষণ-সংক্রান্ত আলোচনা হয়েছে। এ ছাড়া দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়। এ সময় পাকিস্তান নৌবাহিনী প্রতিনিধি দল, পাকিস্তান হাইকমিশনার, ডিফেন্স অ্যাটাশে ও নৌবাহিনী সদরদপ্তরের পিএসও এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে পাকিস্তান নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। একই দিনে তিনি সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাকিস্তান নৌবাহিনী প্রধান সফরকালে বিমানবাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, কমান্ড্যান্ট ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং চট্টগ্রামের নৌ প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
একই সময় পাকিস্তান নৌবাহিনীর জাহাজ ‘পিএনএস সাইফ’ শুভেচ্ছা সফরে চট্টগ্রামে আসে। সফর শেষে পাকিস্তান নৌবাহিনী প্রধান বুধবার বাংলাদেশ ত্যাগ করবেন।