আন্তর্জাতিক ডেস্ক | সোমবার, ২০ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ১১১ বার পঠিত | পড়ুন মিনিটে
সংঘাত নিরসনে কাতারের রাজধানী দোহায় আলোচনায় বসেছিলেন পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিরা। তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় হওয়া ওই আলোচনায় ইসলামাবাদ ও কাবুল অস্ত্রবিরতিতে রাজি হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।
রোববার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, আফগানিস্তান ও পাকিস্তান অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য একটি কাঠামো তৈরিরও সিদ্ধান্ত হয়েছে।
কাতারের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ আগামী কয়েকদিনের মধ্যে পরবর্তী বৈঠকের বিষয়েও রাজি হয়েছে। ওই বৈঠকে অস্ত্রবিরতির স্থায়িত্ব নিশ্চিত ও বাস্তবায়ন হচ্ছে কি না তা যাচাই করা হবে।
১০ অক্টোবর কাবুলসহ দুটি এলাকায় পাকিস্তানের বিরুদ্ধে বিমান হামলার অভিযোগ তোলে আফগানিস্তান। তালেবান সেনারা ১১ অক্টোবর রাতে সীমান্তে ‘প্রতিশোধমূলক’ হামলা চালায়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন নিহত হন। ১৫ অক্টোবর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, উভয় দেশ ৪৮ ঘণ্টার অস্ত্রবিরতিতে রাজি হয়েছে। তবে ইসলামাবাদের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ আনে কাবুল।
শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ফের বিমান হামালার অভিযোগ তোলে আফগানিস্তান। এতে অন্তত ১০ জন নিহত হন বলে জানান দেশটির কর্মকর্তারা। এবার কাতার, তুরস্কের মধ্যস্থতায় অস্ত্রবিরতির কথা জানানো হলো।