শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফের প্রকাশ্য বিরোধে ডিপ্লোমা ও বিএসসি শিক্ষার্থীরা

জাতীয় ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফের প্রকাশ্য বিরোধে ডিপ্লোমা ও বিএসসি শিক্ষার্থীরা

ফের প্রকাশ্য বিরোধে জড়িয়েছেন কারিগরি (ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং) ও বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা। গতকাল বুধবার কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার প্রতিবাদসহ ঘোষিত চার দফা বাস্তবায়নের দাবিতে রাজধানীসহ বিভিন্ন জেলায় সড়ক-মহাসড়ক ও রেলপথ অবরোধ করে কারিগরি শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। তাদের আন্দোলনের কারণে বুধবার বিভিন্ন সড়ক-মহাসড়কে যানজট ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে অনেক রুটের ট্রেন যোগাযোগ। রাজধানীসহ বিভিন্ন জেলার কর্মসূচিতে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন। সংহতি প্রকাশ করেন শিক্ষকরাও।

কারিগরি শিক্ষার্থীদের চার দফা দাবি হলো–প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি ও জবাই করে হত্যার হুমকিদাতাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব ধরনের রাষ্ট্রীয় কার্যক্রম বন্ধ করতে হবে অবিলম্বে। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী তা পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। চালু করতে হবে ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন।

কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনের জবাবে পাল্টা বিক্ষোভ করেছেন বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরাও। নিজেদের তিন দফা দাবি ও কারিগরি শিক্ষার্থীদের কর্মসূচির প্রতিবাদে সংবাদ সম্মেলনও করেন তারা। কারিগরি শিক্ষার্থীদের অভিযোগ, দেশে ৪০ লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী এবং প্রায় চার লাখ পলিটেকনিক শিক্ষার্থীর বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। অন্যদিকে বিএসসি শিক্ষার্থীদের দাবি, পেশাগত পদবি, চাকরিতে নিয়োগ, বেতন গ্রেড কাদের কী থাকবে–এসব নিয়ে মন্ত্রণালয়ের গঠিত কমিটির সামনে ডিপ্লোমাধারীদের যুক্তি অসার প্রমাণ হয়েছে। তারা মব সৃষ্টি করে বিশৃঙ্খলা করছে।

এ দিন রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় প্রায় চার ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন কয়েকশ কারিগরি শিক্ষার্থী। এর পরিপ্রেক্ষিতে উত্তরা-মগবাজার সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাজধানীজুড়ে ছড়িয়ে পড়ে তীব্র যানজট। দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার ‘কাকতাড়ুয়া দহন কর্মসূচি’ ঘোষণা করে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। নতুন কর্মসূচি বিষয়ে কারিগরি ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ বলেন, ‘আমরা বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবি কাকতাড়ুয়ায় সেঁটে দিয়ে তা পুড়িয়ে দেব। এই কর্মসূচির মাধ্যমে বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির কবর রচনা করা হবে।’

কারিগরি ছাত্র আন্দোলনের সভাপতি মাশফিক ইসলাম বলেন, ‘আজ (বুধবার) আন্দোলনে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউট ও একটি প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা সংহতি জানিয়েছেন। আন্দোলন থেকে চার দফা দাবি জানানো হয়েছে। দাবি মানা না হলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’

এদিকে কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনের প্রতিবাদে তিন দফা দাবিতে এ দিন ক্যাম্পাসে পাল্টা অবস্থান কর্মসূচি পালন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এ ছাড়া দেশের অন্য সাধারণ প্রকৌশলী শিক্ষার্থীরাও তাদের ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন। তাদের দাবিগুলো হলো– সহকারী প্রকৌশলী (নবম গ্রেড) পদে নিয়োগ: শুধু ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের নিয়োগ দিতে হবে। কোনোভাবেই কোটাভিত্তিক বা অন্য নামে নতুন পদ সৃষ্টি করে পদোন্নতির সুযোগ দেওয়া যাবে না; উপসহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদে নিয়োগ : ন্যূনতম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং একই ডিসিপ্লিনে উচ্চতর ডিগ্রিধারী বিএসসি গ্র্যাজুয়েটদের জন্য নিয়োগ পরীক্ষার সুযোগ রাখতে হবে; প্রকৌশলী পদবির সুরক্ষা : বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবে না এর জন্য আইনি ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নন-অ্যাক্রিডেটেড বিএসসি কোর্সগুলোকে দ্রুত আইইবি-বিএইটিইর স্বীকৃতির আওতায় আনতে হবে।

গতকাল সন্ধ্যায় ‘প্রকৌশল অধিকার আন্দোলন’ ব্যানারে বুয়েট শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে কথা বলেন বিএসসি শিক্ষার্থীরা। কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনকে উস্কানি ও গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছেন বলেও জানান তারা। তাদের মতে আলোচনার টেবিল ছেড়ে অবরোধ কোনো যৌক্তিক সমাধান হতে পারে না।

বিভিন্ন জেলায় বিক্ষোভ, অবরোধ
চার দফা বাস্তবায়নের দাবিতে বেলা ১১টা থেকে এক ঘণ্টা বরিশাল নগরীর চৌমাথায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে কারিগরি শিক্ষার্থীরা। আগামী ২৪ সেপ্টেম্বর আমরা বরিশাল বিভাগীয় মহাসমাবেশ করব। সেখান থেকে দাবি আদায়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

একই দিন ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সংযোগস্থল গাজীপুরের চান্দনা চৌরাস্তা দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন নামে একটি সংগঠন। এ সময় গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে মারাত্মক ভোগান্তির মধ্যে পড়েন লাখো যাত্রী। গাজীপুরের ভুরুলিয়া এলাকায় ঢাকা-যমুনা সেতু রেললাইন ও ঢাকা-ময়মনসিংহ রেল রুটেও ব্লকেট কর্মসূচি পালন করেন ডিপ্লোমা প্রকৌশলীরা।

এ ছাড়া সড়ক, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে বগুড়া, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, ফেনীতে। দিনাজপুর ও ফেনীতে রেলও অবরোধ করেন তারা।
(সংশ্লিষ্ট ব্যুরো, অফিস, প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো তথ্য)

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম