শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলার দাবি ইরানের

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলার দাবি ইরানের

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানি বাহিনীর দাবি, তারা দুটি মার্কিন যুদ্ধজাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। পাশাপাশি আরও ১০টি ‘নিয়ম লঙ্ঘনকারী জাহাজ’ লক্ষ্যবস্তু করার কথাও জানিয়েছে তারা।

ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলার জবাবেই এসব অভিযান চালানো হয়েছে।

বিবৃতিতে আইআরজিসি বলেছে, মার্কিন ‘আগ্রাসন ও শত্রুতামূলক কর্মকাণ্ডের’ জবাব দিতে তারা এই হামলা চালিয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের উসকানি ও সহযোগিতায় ১০টি জাহাজ হরমুজ প্রণালির ‘নিষিদ্ধ ও অনিরাপদ অঞ্চল’ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ কারণে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।

ইরানি বাহিনী আরও দাবি করেছে, হরমুজ প্রণালি এখনো তাদের কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এর আগে মার্কিন নৌবাহিনীর ডিডিজি-১১৯ ও ডিডিজি-৫৩ ডেস্ট্রয়ারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবিও করেছিল আইআরজিসি। ওই হামলায় জাহাজ দুটিতে ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ হয়েছে বলে দাবি তাদের।

ইরানের দাবি নাকচ যুক্তরাষ্ট্রের

তবে আইআরজিসির এসব দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এক বিবৃতিতে তারা জানিয়েছে, গত দুই দিনে আইআরজিসি একটি মার্কিন যুদ্ধজাহাজে দুবার হামলার চেষ্টা করেছিল। তবে জাহাজটি সফলভাবে হামলা এড়িয়ে যায়। এতে কোনো মার্কিন সেনা বা কর্মী আহত হননি বলেও জানিয়েছে সেন্টকম।

সেন্টকমের দাবি, এর পর পাল্টা অভিযানে ইরানের কয়েকটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলো অচল করে দেওয়া হয়। হামলার শিকার ট্যাংকারগুলোর মধ্যে রয়েছে এম/টি কাভিজ, এম/টি চারমিনার, এম/টি হরাইজন-১ ও এম/টি রিয়েস্কো। এসব জাহাজ তখন ওমান উপসাগরে অবস্থান করছিল।

এ ছাড়া খার্গ দ্বীপের কাছে এম/টি দেরিয়া নামের আরও একটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে মার্কিন বাহিনী।

সেন্টকমের ভাষ্য, হামলার আগে ট্যাংকারগুলোর কর্মীদের জাহাজ থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর জাহাজগুলোতে হামলা চালানো হয় এবং সেগুলো অচল হয়ে পড়ে।

ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম