শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তিন দফা দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের মশাল মিছিল

বাংলাদেশ ডেস্ক   |   শনিবার, ৩০ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তিন দফা দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের মশাল মিছিল

তিন দফা দাবি আদায় ও পুলিশি হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে মশাল মিছিল করেছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বকশীবাজার, কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে একই স্থানে ফিরে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
হামলায় আহত এক শিক্ষার্থীকে হাসপাতালে দেখতে যান প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী। এ সময় তারা শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জ্বালানি উপদেষ্টার পক্ষ থেকে সমবেদনা জানান।

বুয়েট শিক্ষার্থীদের সমাবেশে বিশ্ববিদ্যালয়টির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আব্দুর নূর তুষার সাংবাদিকদের বলেন, প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারের জারি করা কমিটির পুনর্গঠন করতে হবে; তিন দাবির বিষয়ে কমিটির আলোচনার একটি রোডম্যাপ (পথনকশা) ও একটি অগ্রগতি প্রতিবেদন তিন কার্যদিবসের মধ্যে প্রকাশ করতে হবে। তিনি বলেন, কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার আগে দশম গ্রেড থেকে নবম গ্রেডে কোনো পদোন্নতি দেওয়া যাবে না। সেই সঙ্গে দশম গ্রেডের সার্কুলার ও নিয়োগ বন্ধ রাখতে হবে।

ক্যাম্পাসে মশাল মিছিল করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। গত বুধবার পুলিশের হামলায় আহত বুয়েট শিক্ষার্থী শাদিদ নাসিফসহ সব আহতর জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজের পর বুয়েটের কেন্দ্রীয় মসজিদ, চুয়েট, কুয়েট, রুয়েটসহ বিভিন্ন ক্যাম্পাসে এ দোয়া অনুষ্ঠিত হয় বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

প্রধান উপদেষ্টার সমবেদনা
সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত বুয়েট শিক্ষার্থী শাদিদ নাসিফকে দেখতে যান প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন এবং ফয়েজ আহমদ তৈয়্যব। প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও প্রকৌশলীদের চাকরির অসন্তোষ সমাধানে গঠিত কমিটির প্রধান জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের পক্ষ থেকে আহত শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সমবেদনা জানানো হয়। পরে প্রতিনিধি দল বুয়েট ২০ ব্যাচের শিক্ষার্থী শাদিদের কয়েক সহপাঠী ও উপস্থিত প্রকৌশল অধিকার আন্দোলনের সংগঠকদের সঙ্গে কথা বলেন।
প্রতিনিধি দল দুঃখ প্রকাশ করে জানায়, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ পুলিশের ডিএমপিপ্রধানের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। এ সময় শিক্ষার্থী শাদিদের সব ধরনের চিকিৎসা সহায়তাসহ প্রয়োজনে যে কোনো উন্নততর চিকিৎসার আশ্বাস দেন প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী। কর্তব্যরত চিকিৎসক জানান, শাদিদের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল।

চুয়েটে মশাল মিছিল
চুয়েট ক্যাম্পাসে মশাল মিছিল থেকে ডিপ্লোমা শিক্ষার্থীর ধর্ষণের হুমকি ও বুটেক্স শিক্ষার্থীদের হত্যার হুমকির প্রতিবাদ জানানো হয়। চুয়েটের গোল চত্বর থেকে মশাল মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবন ও হল প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তারা তিন দফা দাবিতে আন্দোলন করছেন। দাবি বাস্তবায়ন না হওয়ায় প্রকৌশল শিক্ষার্থীরা ঢাকামুখী লংমার্চে অংশ নেন। সেখানে তাদের ওপর পুলিশের হামলা হয়। অনেক শিক্ষার্থী আহত হন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহি আল ওয়াহিদ বলেন, ঢাকায় পুলিশের হামলা, ডিপ্লোমা ছাত্রের ধর্ষণের হুমকি ও বুটেক্সের ভাইদের হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে আমরা মশাল মিছিল কর্মসূচি পালন করছি। আমরা চাই অভিযুক্তদের দ্রুত শাস্তির আওতায় আনা হোক। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
কর্মসংস্থানের সুযোগ তৈরি, পেশাগত পরিচয়-সংক্রান্ত তিন দফা দাবিতে প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে প্রকৌশল শিক্ষার্থীরা আন্দোলন করছেন। গত বৃহস্পতিবার থেকে এ কর্মসূচির অংশ হিসেবে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করছেন।

প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে– নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা; দশম গ্রেডে যেন উচ্চ ডিগ্রিধারী ব্যক্তিরাও আবেদন করতে পারেন, সেই ব্যবস্থা করা এবং শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা সম্পন্ন করবেন, তারাই যেন প্রকৌশলী (ইঞ্জিনিয়ার) লিখতে পারেন– সে বিষয়ে ব্যবস্থা নেওয়া।

দাবি আদায়ে গত বুধবার রাজধানীর শাহবাগে অবরোধ করেন প্রকৌশল শিক্ষার্থীরা। এক পর্যায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে শিক্ষার্থীদের পদযাত্রা ঘিরে তাদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ, জলকামান ব্যবহার এবং লাঠিপেটার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম