শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নেতানিয়াহুকে হটাতে আইজেনকোটের প্রথম জোট, সরকার গঠন নিয়ে নতুন সমীকরণ

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নেতানিয়াহুকে হটাতে আইজেনকোটের প্রথম জোট, সরকার গঠন নিয়ে নতুন সমীকরণ

ইসরায়েলে সরকার গঠনের লড়াইয়ে প্রথম বড় সাফল্য পেলেন সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকোট। তার নেতৃত্বাধীন ইয়াশার পার্টি ডানপন্থি বিরোধী দল ইসরায়েল আওয়ার হোমের সঙ্গে জোট গঠনে সমঝোতায় পৌঁছেছে। দলটির প্রধান আভিগদর লিবারম্যানের সঙ্গে এই চুক্তির ফলে সরকার গঠনের পথে এক ধাপ এগিয়েছেন আইজেনকোট। তবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে এখনো প্রয়োজন আরও কয়েকটি দলের সমর্থন।

অন্যদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়েও আলোচনা চলছে। এতে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে হিসাব-নিকাশ। একদিকে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা, অন্যদিকে জাতীয় ঐক্যের সরকারের সম্ভাবনা—সব মিলিয়ে সরকার গঠন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসরায়েল আওয়ার হোমের প্রধান আভিগদর লিবারম্যানের সঙ্গে বৈঠক করেন ইয়াশার পার্টির নেতা আইজেনকোট। বৈঠক শেষে দুই দল জোট গঠনে সম্মত হয়। গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর সরকার গঠনের লক্ষ্যে এটিই প্রথম জোটসংক্রান্ত সমঝোতা।

ওই নির্বাচনে কোনো দলই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি। ফলে ১০ নভেম্বর নতুন সরকার ছাড়াই শপথ নেয় ইসরায়েলের পার্লামেন্ট। এর মধ্য দিয়ে সংখ্যাগরিষ্ঠতা হারান প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে বিরোধী দলগুলোও সরকার গঠনের মতো প্রয়োজনীয় আসন নিশ্চিত করতে পারেনি।

এমন পরিস্থিতিতে সব পক্ষের সঙ্গে আলোচনা শেষে নতুন সরকার গঠনের দায়িত্ব আইজেনকোটকে দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। অন্যদিকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু।

ইসরায়েলের আইন অনুযায়ী, সরকার গঠনের জন্য আইজেনকোটকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে তাকে সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন তিনি।

নির্ধারিত সময়ের মধ্যে আইজেনকোট সরকার গঠনে ব্যর্থ হলে পরবর্তী সুযোগ পাবেন নেতানিয়াহু। তিনিও ব্যর্থ হলে কোনো পক্ষের পক্ষে সরকার গঠন সম্ভব না হওয়ায় আগামী বছর দেশটিতে আবারও নির্বাচন হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি লিকুদ পার্টি উগ্র ডানপন্থি ও কট্টর অর্থোডক্স দলগুলোর সঙ্গে জোট করে প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছিল। তা সত্ত্বেও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারেনি তারা। ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্টে বর্তমানে এই জোটের আসনসংখ্যা ৫৩।

অন্যদিকে মধ্য-ডানপন্থি ইয়াশার পার্টি ও লিবারম্যানের সম্ভাব্য জোটসঙ্গীদের সম্মিলিত আসনসংখ্যা ৪৮। সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দলগুলোও। এসব দলের হাতে রয়েছে ১৯টি আসন। নেতানিয়াহুর বিরোধিতার প্রশ্নে দলগুলোর সঙ্গে আইজেনকোটের অবস্থানের মিল রয়েছে।

নির্বাচনে আইজেনকোটের দল পেয়েছে ২১টি আসন। অন্যদিকে লিবারম্যানের দল পেয়েছে সাতটি আসন। তাদের এই জোট গঠনের সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের বিরোধিতা করে আসছিলেন লিবারম্যান। একই সঙ্গে নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনেরও বিপক্ষে ছিলেন তিনি।

এর আগে লিবারম্যান জানিয়েছিলেন, তার প্রধান লক্ষ্য নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানো।

এদিকে আইজেনকোট, তার ‘পরিবর্তনপন্থি জোটের’ কয়েকজন শরিক এবং নেতানিয়াহুর লিকুদ পার্টির মধ্যে জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়েও আলোচনা চলছে। তবে এ উদ্যোগ বিরোধী শিবিরের মধ্যে মতপার্থক্য তৈরি করেছে।

বামপন্থি ডেমোক্র্যাটস পার্টি জানিয়েছে, আইজেনকোটের সঙ্গে আপাতত আলোচনা স্থগিত করেছে তারা। লিকুদ পার্টির সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনে আইজেনকোটের আলোচনা এগিয়ে যাওয়ায় এবং ‘পরিবর্তনপন্থি সরকার’ গঠনের উদ্যোগে অচলাবস্থা তৈরি হওয়ায় দলটি এ সিদ্ধান্ত নিয়েছে।

নির্বাচনে ডেমোক্র্যাটস পার্টি আটটি আসন পেয়েছে। দলটির প্রধান ইয়ার গোলান জানিয়েছেন, নেতানিয়াহুকে বাদ দিয়ে আরব দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের পক্ষে তিনি। ফলে আইজেনকোটের সামনে এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে বিরোধী জোটের ঐক্য ধরে রেখে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম