নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ০ বার পঠিত | পড়ুন মিনিটে
আগামী বছর থেকেই চতুর্থ শ্রেণিতে ক্রীড়াশিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করা এবং শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
আমিনুল হক বলেন, অভিভাবকেরা সন্তানদের স্কুলে নিয়ে যান, সেখানে অপেক্ষা করেন এবং ছুটি হলে আবার বাড়িতে নিয়ে আসেন। এখন শিক্ষার্থীদের স্কুলে পাঠানোর পাশাপাশি বিকেলেও খেলার মাঠে নিয়ে যেতে হবে। খেলাধুলাকে শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী খেলাধুলার প্রতি অত্যন্ত আন্তরিক। অতীতে বিভিন্ন ফাঁকা জায়গা দখল করে ভবন নির্মাণ করা হয়েছে। তবে বর্তমান প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে, যেখানে ফাঁকা মাঠ থাকবে, সেখানেই খেলার মাঠ তৈরি করতে হবে।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমি নিজেও খেলাধুলাপ্রিয়। আমরা ক্রীড়াঙ্গনকে অনেক দূর এগিয়ে নিতে চাই। যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ শরীর ও সুন্দর জীবন গড়ে তুলতে চাই। খেলাধুলার মাধ্যমে একটি আদর্শ সমাজ বিনির্মাণও সম্ভব।’
নতুন কুঁড়ি কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রথম আসরে ১ লাখ ৬৫ হাজার শিশু অংশগ্রহণ করেছে। সেখান থেকে বাছাই করা ৪০ জন খেলোয়াড়কে প্রশিক্ষিত করা হয়েছে। পাশাপাশি বিকেএসপিগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি প্রশিক্ষিত খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে পারে।
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলায় কোনো দল গোল করতে না পারায় দুই দলকে যৌথ বিজয়ী ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য এবং রাজশাহী মহানগরীর প্রশাসক রিটনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।