ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৬ বার পঠিত | পড়ুন মিনিটে
ইরানে যুবকদের বিয়ে সহজ করা, সন্তান জন্মদানে সহায়তা এবং পরিবারকেন্দ্রিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতাবা খামেনেয়ী। তিনি বলেছেন, শক্তিশালী ও সমৃদ্ধ ইরান গঠনে জনসংখ্যা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) চতুর্থ জাতীয় জনসংখ্যা বৃদ্ধি পুরস্কার অনুষ্ঠানে পাঠানো এক বার্তায় তিনি এ আহ্বান জানান।
বার্তায় মোজতাবা খামেনেয়ী বলেন, জাতীয় দৃঢ়তা, অগ্রগতি এবং আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী ইরান গড়ে তুলতে ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে জনসংখ্যার গুণগত ও সংখ্যাগত বৈশিষ্ট্য বজায় রাখাও জরুরি।
তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধি দেশের সামর্থ্যকে কাজে লাগানোর পাশাপাশি বিজ্ঞান, সংস্কৃতি, অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করে। একই সঙ্গে শত্রুদের হুমকি ও বিদ্বেষমূলক কর্মকাণ্ড মোকাবিলায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, যুবকদের বিয়ের পথ সহজ করা, ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, সন্তান জন্মদানে সহায়তা এবং পরিবারকেন্দ্রিক সংস্কৃতির প্রসারে কার্যকর উদ্যোগ নিতে হবে। এসব পদক্ষেপ ইরানকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে সহায়ক হবে।
তিনি আরও বলেন, অতীতের কিছু জনসংখ্যা নীতির কারণে যে ঘাটতি তৈরি হয়েছে, তা অবশ্যই পূরণ করতে হবে। দেশের ভবিষ্যৎ অগ্রগতি ও জাতীয় সক্ষমতা বাড়াতে জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
বার্তার শেষাংশে তিনি বলেন, দেশের উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশী প্রত্যেক দেশপ্রেমিক ইরানির উচিত নতুন ইসলামী সভ্যতার মানদণ্ডে ভবিষ্যৎ প্রজন্মের ধারাবাহিকতা বজায় রাখতে দৃঢ় সংকল্প ধারণ করা।