নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৩ বার পঠিত | পড়ুন মিনিটে
গাজীপুরের ভোগড়া এলাকায় ফিন বাংলা অ্যাপারেলস পোশাক কারখানার এক নারী শ্রমিক নিহত হয়েছেন—এমন গুজব ছড়িয়ে পড়লে বিক্ষোভে জড়ান আড়াই শতাধিক শ্রমিক। তবে মৃত্যুর খবরটি ছিল গুজব। ওই নারী শ্রমিক নিজেই কারখানা কর্তৃপক্ষের সঙ্গে থানায় গিয়ে পুলিশের কাছে নিজের সুস্থতার কথা জানিয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে মধ্যাহ্নবিরতি শেষে ফিন বাংলা অ্যাপারেলসের শ্রমিকেরা কারখানায় প্রবেশ করতে গেলে কয়েকজন বহিরাগত ব্যক্তি তাদের বাধা দেন। এ নিয়ে কারখানার প্রবেশমুখে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে কারখানার সুইং অপারেটর মোছা. দিলরুবা আক্তার মিলি (আইডি নম্বর-৭৩৮৮) সামান্য আহত হন।
পরে উপস্থিত শ্রমিকদের সহায়তায় স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাসায় চলে যান। কিন্তু দুপুরের ওই ঘটনার পর কারখানার আশপাশে দিলরুবা আক্তার মিলি নিহত হয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে।
এ গুজব ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার সন্ধ্যায় কারখানার সামনে প্রায় ২৫০ থেকে ২৮০ জন শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ছড়ালে পরে ওই নারী শ্রমিক নিজেই কারখানা কর্তৃপক্ষের সঙ্গে গাছা থানায় যান।
থানায় উপস্থিত হয়ে দিলরুবা আক্তার মিলি পুলিশের কাছে নিজের সুস্থতার কথা জানান এবং দুপুরে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন।
পুলিশের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাটি পর্যালোচনা করে গাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গুজব ছড়ানোর নেপথ্যের কারণ এবং কারখানায় প্রবেশে বহিরাগতদের বাধা দেওয়ার বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।