ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩৩ বার পঠিত | পড়ুন মিনিটে
সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় কোনো কর্মকর্তা-কর্মচারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন কি না, তা কঠোর নজরদারিতে রেখেছে সরকার। এ বিষয়ে সরকারের নজরদারি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের সার্বিক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তথ্য উপদেষ্টা বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারীর পোশাকে আওয়ামী লীগ আছে। প্রত্যেক জায়গায় সরকারের নজরদারি সর্বোচ্চ পর্যায়ে আছে।’ তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করতে রাজি হননি তিনি।
সরকারি কর্মকর্তাদের দলীয় সম্পৃক্ততা নিয়ে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় অনেক মানুষ দলটির সঙ্গে যুক্ত ছিলেন। এতে সমস্যা নেই। তবে সরকারি চাকরিতে থাকা অবস্থায় কোনো কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকলে তা গুরুতর বিষয়। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
এ বিষয়ে সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে বলেও আশ্বস্ত করেন তিনি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, দলটির নামে যেকোনো কর্মসূচি পালন বেআইনি।
এদিকে গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের কথা জানিয়েছেন তিনি। যাঁদের ছবি ও ভিডিও ফুটেজে অস্ত্র হাতে দেখা গেছে, তাঁদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করা হবে।
জাহেদ উর রহমান বলেন, ‘আপনারা দেখেছেন, গতকাল থেকে সেখানে যৌথবাহিনী রয়েছে। যাঁদের ছবি দেখা গেছে, তাঁদের গ্রেপ্তার করা হবে এবং নিশ্চয়ই বিচারের মুখোমুখি করা হবে।’
পুলিশের বলপ্রয়োগ প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বলপ্রয়োগের অধিকার রয়েছে। তবে পরিস্থিতির তুলনায় অতিরিক্ত বলপ্রয়োগ করা হচ্ছে কি না, সেটি গুরুত্বপূর্ণ। অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনা হয়েছে। সরকার এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না।