ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ২২ বার পঠিত | পড়ুন মিনিটে
সৌদি আরবের পাঁচটি বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত ১৯ জন নিহত ও ৩৬৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে।
সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়ায় প্রচারিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বলেন, চলতি অক্টোবরের শুরু থেকে সৌদি আরবে হুতিদের হামলার তীব্রতা বেড়েছে। গত জুলাই থেকে সৌদি ভূখণ্ড লক্ষ্য করে হামলা জোরদার করে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটি, যা চলতি মাসে আরও ভয়াবহ রূপ নিয়েছে।
তুর্কি আল-মালিকির তথ্য অনুযায়ী, অক্টোবরের শুরু থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে অন্তত ২০ বার লক্ষ্যবস্তু করেছে হুতিরা। বিশেষ করে ৭ থেকে ১১ অক্টোবরের মধ্যে চালানো হামলায় ১৭ জন নিহত ও ৩৩৩ জন আহত হয়েছেন।
এ ছাড়া সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক হামলায় দুজন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। জাজান অঞ্চলের কিং আবদুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় আহত হয়েছেন আরও তিনজন।
সৌদি সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ৫ অক্টোবর থেকে রিয়াদের প্রধান বিমানবন্দরসহ দেশটির অন্তত পাঁচটি বিমানবন্দর হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এসব হামলায় প্রাণহানির পাশাপাশি বিমানবন্দরগুলোর অবকাঠামোরও ক্ষয়ক্ষতি হয়েছে। বিঘ্নিত হয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচল।
হামলার ধারাবাহিকতায় সৌদি আরবসহ পুরো অঞ্চলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও উত্তেজনা বেড়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি