নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ২৬ বার পঠিত | পড়ুন মিনিটে
নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বৃহত্তর নোয়াখালী সমিতি। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এ সভায় নোয়াখালীকে বিভাগ ঘোষণা এবং প্রবাসীদের জন্য হাসপাতাল প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন সমিতির নেতারা।
পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানকালে নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদের আগমন উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ। সংগঠনের সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন সভাটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সৌদি–বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টরস ফোরামের সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ আবদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি সিআইপি কেফায়েত উল্লাহ চৌধুরী কিসমত, ইউছুফ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বৃহত্তর নোয়াখালী সমিতির নেতারা নোয়াখালীকে বিভাগ ঘোষণা, প্রবাসীদের জন্য হাসপাতাল প্রতিষ্ঠাসহ এলাকার উন্নয়ন ও প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি তুলে ধরেন।