শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দক্ষতাভিত্তিক শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন শুরু ১৭ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দক্ষতাভিত্তিক শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন শুরু ১৭ অক্টোবর

বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং কর্মসংস্থান উপযোগী দক্ষ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন। আগামী ১৭ অক্টোবর শনিবার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (AUST) প্রধান অডিটোরিয়ামে এ সম্মেলন শুরু হবে।

‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ শীর্ষক সম্মেলনে বাংলাদেশসহ প্রায় ১৫টি দেশের শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেবেন। এতে বিভিন্ন দেশের শিক্ষা মডেল, শিক্ষা সংস্কার, দক্ষতাভিত্তিক শিক্ষা ও নেতৃত্বের বিকাশ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি উপস্থাপন করা হবে প্রায় ১০০টি গবেষণাপত্র।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ মিলনায়তনে আয়োজিত এক প্রাক্-সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মূল সম্মেলনের আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল আজিজ।

তিনি বলেন, বাংলাদেশের শিক্ষাকে বিশ্বের উন্নত দেশগুলোর শিক্ষার সমপর্যায়ে নিয়ে যাওয়া এবং নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে দক্ষতাভিত্তিক ও নৈতিক জ্ঞানসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে শিক্ষা, জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধের সমন্বয় জরুরি।

সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়া (USIM), বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (BIIT) এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (AUST)।

সম্মেলনে থাকবেন শিক্ষামন্ত্রীসহ বিশিষ্ট শিক্ষাবিদেরা

সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. এ. এন. এম. এহছানুল হক মিলন, এমপি। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (BAC) চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম।

মূল বক্তা হিসেবে বক্তব্য দেবেন যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব ইসলামিক থটের (IIIT) মহাসচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ড. ওমর হাসান কাসুলে সিনিয়র; মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়ার (USIM) উপাচার্য অধ্যাপক টিএস ড. শরিফুদ্দিন মোহাম্মদ শা’আরানী এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (IUT) সাবেক উপাচার্য ও আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ ফজলী ইলাহী।

আমন্ত্রিত বক্তা হিসেবে থাকবেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. ইউসুফ এম. ইসলাম, ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়ার উপ-উপাচার্য অধ্যাপক দাতো ড. নিক সালিদা সুহাইলা নিক সালেহ, অস্ট্রেলিয়ার মইনুল হক ওএএম এবং ইন্দোনেশিয়ার ড. সিয়াফুদ্দিন আলী আখমাদ।

আলোচনায় থাকবে বিভিন্ন দেশের শিক্ষা মডেল

আয়োজকদের তথ্যমতে, সম্মেলনে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, নাইজেরিয়া, ভারত ও পাকিস্তানসহ প্রায় ১৫টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। এতে মালয়েশিয়ার ‘ইন্টিগ্রেটেড এডুকেশন’, তুরস্কের ‘সেঞ্চুরি অব তুরস্ক মারিফ মডেল’ এবং ইন্দোনেশিয়ার ‘মারদেকা কারিকুলাম’সহ বিভিন্ন দেশের শিক্ষা মডেল নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বাংলাদেশের শিক্ষা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরা হবে।

সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাবিদ, লেখক, গবেষক ও শিক্ষার্থীরাও অংশ নেবেন।

আয়োজকদের মতে, বর্তমান বিশ্বে শিক্ষার পরিবর্তিত বাস্তবতায় প্রাতিষ্ঠানিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা ও নৈতিক মূল্যবোধের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষাকে শুধু পাঠ্যবই ও প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবন এবং কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে যুক্ত করার বিষয়টি সম্মেলনে গুরুত্ব পাবে।

তিন দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন দেশের শিক্ষাবিদ ও গবেষকেরা নিজেদের অভিজ্ঞতা ও গবেষণালব্ধ জ্ঞান বিনিময়ের পাশাপাশি শিক্ষাব্যবস্থার উন্নয়ন, নেতৃত্বের বিকাশ এবং কর্মমুখী শিক্ষার প্রসারে করণীয় নিয়ে আলোচনা করবেন।

আয়োজকেরা আশা করছেন, এ সম্মেলনের মাধ্যমে শিক্ষা ও নেতৃত্বের ক্ষেত্রে নতুন ধারণা বিনিময়ের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করা এবং দক্ষ, দায়িত্বশীল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার বিষয়ে অভিজ্ঞতা ও চিন্তার আদান-প্রদান সম্ভব হবে।

প্রাক্-সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সম্মেলনের কো-চেয়ার অধ্যাপক মোহাম্মদ সরওয়ার মোর্শেদ এবং সম্মেলনের কো-অর্ডিনেটর ড. সৈয়দ শহীদ আহমদ প্রমুখ।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম