শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০ নতুন লোকোমোটিভ, অনুমোদন পেল ৩০টি

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০ নতুন লোকোমোটিভ, অনুমোদন পেল ৩০টি

দেশের রেলওয়ের সক্ষমতা বাড়াতে ৮০টি নতুন লোকোমোটিভ সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৩০টি লোকোমোটিভ কেনার প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পেয়েছে। এসব লোকোমোটিভ দেশে পৌঁছাতে আরও দুই থেকে আড়াই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে দিনাজপুরের পার্বতীপুরে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বিধি অনুযায়ী দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে লোকোমোটিভগুলো কেনা হবে। রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন লোকোমোটিভ সংগ্রহের পাশাপাশি বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের কাজও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। দ্রুততম সময়ে এসব লোকোমোটিভ সংগ্রহ করা গেলে রেলওয়ের কার্যক্রম আরও গতিশীল হবে।

১৮ বছরে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয়, তবু কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি

রেলওয়ের সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, বিগত সরকার ১৮ বছরে রেল খাতে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় করেছে। কিন্তু এই সময়ে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। অপচয়, অপ্রয়োজনীয় ব্যয় ও লুটপাটের কারণে রেলওয়ের যে অগ্রগতি হওয়ার কথা ছিল, তা সম্ভব হয়নি। বরং কোনো কোনো ক্ষেত্রে রেলওয়ে পিছিয়ে পড়েছে এবং কোথাও কোথাও রেলসম্পদ ধ্বংস হয়েছে।

তিনি বলেন, সময়ের সঙ্গে রেলসেবার মানে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। গত ১৮ বছরে রেলওয়ে বিভাগে যথাযথ তদারকির অভাব ছিল। বর্তমান সরকার এ পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করছে। তবে রেলওয়ের কাঙ্ক্ষিত উন্নয়ন এবং যাত্রীদের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে কিছুটা সময় লাগবে। রেলসেবার মান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান সক্রিয় রয়েছেন।

যাত্রীবান্ধব রেল যোগাযোগ সম্প্রসারণে গুরুত্ব

রেল যোগাযোগকে আরও যাত্রীবান্ধব করার পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে রেলওয়ে বিভাগকে অধিক গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে রেলভিত্তিক যাত্রী পরিবহন সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গে রেল যোগাযোগের ঐতিহ্য ও সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, ঢাকার আশপাশের জেলাগুলো থেকে সকালে ঢাকায় এসে রাতে ফিরে যাওয়ার সুবিধা নিশ্চিত করার বিষয়েও সরকার কাজ করছে। যাত্রীদের যাতায়াত সহজ করা এবং সেবার মান উন্নয়নের মাধ্যমে রেলওয়েকে আরও জনবান্ধব করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ সময় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলামসহ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম