শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সৌদির তিন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি হুতিদের, সরে যাওয়ার নির্দেশ

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সৌদির তিন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি হুতিদের, সরে যাওয়ার নির্দেশ

ইয়েমেনের রাজধানী সানায় সামরিক হামলা চালানো হলে সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে হুতি বিদ্রোহীরা। লক্ষ্যবস্তু হিসেবে সৌদি আরবের দাম্মামে অবস্থিত সৌদি আরামকোর প্রধান কার্যালয়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানী রিয়াদে অবস্থিত আরামকোর একটি শোধনাগারের কথা জানিয়েছে গোষ্ঠীটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দেওয়া এক ঘোষণায় হুতিরা এ হুঁশিয়ারি দেয়। একই সঙ্গে সম্ভাব্য হামলার আশঙ্কায় সৌদি আরবের সংশ্লিষ্ট স্থাপনাগুলো থেকে বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী, শ্রমিক ও সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবের যেকোনো তেল স্থাপনাকে তাদের সামরিক বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি তেল স্থাপনাগুলোতে কর্মরত বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও শ্রমিকদের জীবন রক্ষায় অবিলম্বে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার সতর্কবার্তা দেন।

এ ছাড়া আগে যেসব বিমানবন্দর ও আকাশপথকে লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করা হয়েছিল, সেসব এলাকা এড়িয়ে চলতে বিমান সংস্থা, যাত্রী ও সংশ্লিষ্ট কর্মীদেরও সতর্ক করেছে হুতিরা।

সানায় হামলার প্রস্তুতি, পাল্টা হুঁশিয়ারি হুতিদের

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এবং ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে হুতিদের দীর্ঘদিনের সংঘাতের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

মঙ্গলবার সকালে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুতি-নিয়ন্ত্রিত রাজধানী সানার আল-সাবাহা এলাকায় অবস্থিত ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানির কেন্দ্রীয় স্টেশন থেকে সাধারণ নাগরিকদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দেয়। জোটের পক্ষ থেকে জানানো হয়, সম্ভাব্য সামরিক অভিযানের আগে প্রাণহানি এড়াতে এই সতর্কতা জারি করা হয়েছে।

এর পরপরই পাল্টা হুঁশিয়ারি দেয় হুতিরা। সৌদি বাহিনী সানায় হামলা চালালে রিয়াদ ও দাম্মামের ঘোষিত তিনটি স্থাপনায় আঘাত হানা হবে বলে জানায় গোষ্ঠীটি।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে পাল্টাপাল্টি এই হুমকিতে সৌদি আরব ও ইয়েমেনকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম