নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৩০ বার পঠিত | পড়ুন মিনিটে
লাইবেরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি অব লাইবেরিয়ার প্রথম সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ১১ অক্টোবর ২০২৬, রোববার সোমালিয়া ড্রাইভ কমিউনিটির উপদেষ্টা আরশ আলীর হোটেলে উৎসবমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক প্রবাসী বাংলাদেশির প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
দুপুর ২টায় প্রীতিভোজের মধ্য দিয়ে সভার প্রথম পর্ব শুরু হয়। পরে বিকেল ৪টায় শুরু হয় আলোচনা সভার দ্বিতীয় পর্ব।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিউনিটির সম্মানিত উপদেষ্টা জাকির হোসেন। দপ্তর ও প্রচার সম্পাদক রাজিবুল্লাহ খানের সাবলীল সঞ্চালনায় বক্তব্য দেন কমিউনিটির সভাপতি মাহবুবুর রহমান সরদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ হীরা, মহিলা বিষয়ক সম্পাদক মনিরা সুলতানা রিনা ও অনু খন্দকার।
এ ছাড়া উপস্থিত সদস্যদের পক্ষে বক্তব্য দেন কমিউনিটির উপদেষ্টা মো. বাবুল, উপদেষ্টা আমির হোসেন বুলু, সহসভাপতি মো. সোলাইমান কবির, সহসভাপতি এহসান কবির সোহাগ, ধর্মবিষয়ক সম্পাদক শ্রী লিটন কুমার দাসসহ অন্যরা।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কমিউনিটির ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ জিয়াদ। এরপর দীপান্বিতা রাণী দাস গীতা পাঠ করেন। এর মধ্য দিয়ে আলোচনা সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকার
সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ কমিউনিটি অব লাইবেরিয়া দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করছে। সংগঠনটি সব সদস্যের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার করেছে।
তিনি আরও বলেন, আগামী তিন মাস পর অনুষ্ঠিতব্য সাধারণ সভা যেন বাংলাদেশ কমিউনিটি অব লাইবেরিয়ার স্থায়ী কার্যালয়ে আয়োজন করা যায়, সে উদ্যোগ নেওয়া হবে।
স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠার ওপর গুরুত্ব
সভাপতি মাহবুবুর রহমান সরদার বক্তব্যের শুরুতে প্রয়াত রাকিব আলম, রাজিব হাওলাদার, আশিকুর রহমান ও বিশ্বজিতের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
বিশেষ করে বাংলাদেশ কমিউনিটি অব লাইবেরিয়ার প্রতিষ্ঠার উদ্যোগে গুরুত্বপূর্ণ অবদান রাখা রাকিব আলম এবং বর্তমানে জার্মানিতে অবস্থানরত রাকিব হাসানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
সভাপতি বলেন, কমিউনিটির কার্যক্রম আরও সুসংগঠিত করতে একটি স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। এ লক্ষ্য বাস্তবায়নে সব সদস্যকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি জানান, বর্তমানে লাইবেরিয়ায় প্রায় ৪০০ বাংলাদেশি বসবাস করছেন। তাঁদের মধ্যে এখন পর্যন্ত ১০৬ জন বাংলাদেশ কমিউনিটি অব লাইবেরিয়ার সদস্য হয়েছেন।
সদস্যদের নিজের পরিবারের অংশ হিসেবে উল্লেখ করে মাহবুবুর রহমান সরদার বলেন, কমিউনিটির সদস্যদের সুখে-দুঃখে তিনি সব সময় পাশে থাকবেন।
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।