শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পাকিস্তানে ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলি চালানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাকিস্তানে ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলি চালানোর অভিযোগ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার প্রদেশের বারা এলাকায় এ সংঘর্ষ হয়। এ সময় সমর্থকদের লক্ষ্য করে পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছুড়েছে বলে অভিযোগ করেছে পিটিআই। তবে এ অভিযোগ অস্বীকার করেছে প্রাদেশিক প্রশাসন।

প্রাদেশিক সরকারের কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় সরকারের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রতিবাদে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পিটিআইয়ের নেতাদের অভিযোগ, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ব্যবহার করেছে।

জঙ্গি সহিংসতা বৃদ্ধির কারণ দেখিয়ে গত রোববার খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারি করে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। এর মাধ্যমে প্রদেশটির প্রশাসনের ওপর সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়। তবে ইমরান খানের দল এ পদক্ষেপকে রাজনৈতিক ক্ষমতা দখলের অজুহাত হিসেবে অভিহিত করেছে।

প্রাদেশিক প্রশাসনের তথ্য ব্যবস্থাপক সামার হারুন বিলুর বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, পুলিশের সরাসরি গুলিবর্ষণের অভিযোগ ভিত্তিহীন। তাঁর দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও ব্যবহার করে বেনামি সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে এসব অভিযোগ ছড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ পরিকল্পিত দাঙ্গা ও ভাঙচুরের জবাব দিয়েছে। এ ঘটনায় প্রায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি সন্ত্রাসবিরোধী আইনে চারটি মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, ইমরান খানের সহযোগী ও পিটিআইয়ের মুখপাত্র জুলফিকার বুখারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কয়েকটি ভিডিও প্রকাশ করেছেন। তাঁর দাবি, ভিডিওগুলোতে বারা এলাকার প্রধান বাজারে সংঘটিত সহিংসতার চিত্র উঠে এসেছে। জরুরি অবস্থা জারি ও গভর্নরের শাসন প্রতিষ্ঠার পদক্ষেপকে অভ্যুত্থান হিসেবে বর্ণনা করে তিনি সতর্ক করেছেন, এর প্রভাব অন্য এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে।

তবে সংঘর্ষের ভিডিও এবং গুলি চালানোর অভিযোগ নিয়ে দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

পিটিআইয়ের কর্মকর্তাদের দাবি, সংঘর্ষে প্রদেশটিতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সবচেয়ে গুরুতর ঘটনার খবর পাওয়া গেছে প্রাদেশিক রাজধানী পেশোয়ার থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের বারা এলাকায়।

পিটিআইয়ের তথ্যসচিব ইকরাম খাটানা অভিযোগ করেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বারায় জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষের (নাদরা) একটি কেন্দ্রে আগুন ধরিয়ে দিয়েছে। এ ছাড়া আশপাশের কয়েকটি কার্যালয়েও হামলা চালানো হয়েছে।

তবে এসব ঘটনার জন্য কারা দায়ী, তা ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে তদন্ত করে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সামার হারুন বিলুর।

খাইবার পাখতুনখোয়ায় পিটিআই নেতৃত্বাধীন প্রাদেশিক সরকারের কার্যক্রম স্থগিতের ঘটনা ইমরান খানের রাজনৈতিক সংকটকে আরও গভীর করেছে। ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।

সামরিক স্থাপনায় হামলার ঘটনায় উসকানি ও দুর্নীতিসহ ইমরান খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করে আসছেন, তাঁকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতেই মামলাগুলো করা হয়েছে। ইমরান খানের স্ত্রী, তিন বোন এবং তাঁর দলের বহু নেতাকর্মীও বিভিন্ন সময়ে আটক হয়েছেন।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম