শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সংসদ প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সবুজায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাসস   |   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সংসদ প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সবুজায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন জোরদার এবং প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন তিনি।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সংসদ ভবন প্রাঙ্গণের মাঠ, বাগান ও বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় সংসদ ভবনসংলগ্ন এলাকার পরিবেশ, অবকাঠামোগত অবস্থা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।

জাতীয় সংসদ প্লাজার সৌন্দর্য ও পরিবেশ অক্ষুণ্ন রাখতে নিয়মিত পরিচর্যা ও যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মাঠ ও বাগান পরিচ্ছন্ন রাখা, বিদ্যমান গাছপালার সঠিক পরিচর্যা এবং সবুজায়ন কার্যক্রম জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

এ ছাড়া সংসদ প্লাজা ও আশপাশের এলাকায় সংস্কারের প্রয়োজন রয়েছে—এমন স্থানগুলো চিহ্নিত করে দ্রুত কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নাজমুল হক আরও জানান, জাতীয় সংসদ ভবনের স্বতন্ত্র স্থাপত্যশৈলী ও নান্দনিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে সংসদ ভবন প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় নিয়মিত তদারকি এবং রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন তিনি।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম