শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্রের মজুত কমেছে, চীন-রাশিয়াকে নিয়ে চাপে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২৯ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্রের মজুত কমেছে, চীন-রাশিয়াকে নিয়ে চাপে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে সংঘাতে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ ব্যবহারের পর মার্কিন অস্ত্রভাণ্ডারে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। বিশেষ করে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রসহ গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা অস্ত্রের মজুত কমে যাওয়ায় চীন ও রাশিয়ার মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর সম্ভাব্য হুমকি মোকাবিলা নিয়ে উদ্বেগ বাড়ছে ওয়াশিংটনে।

মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরান সংঘাতে ব্যাপক অস্ত্র ব্যবহারের কারণে ইউরোপে মোতায়েন প্যাট্রিয়ট প্যাক-৩ ইন্টারসেপ্টর ও আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমের (এটিএসিএমএস) মজুত সংকটজনক পর্যায়ে নেমেছে।

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ব্যাপকভাবে এসব প্রতিরক্ষা অস্ত্র ব্যবহার করেছে। ফলে ইউরোপে মার্কিন বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

ইউরোপে প্যাট্রিয়টের মজুত ‘বিয়ন্ড ক্রিটিক্যাল’

কর্মকর্তাদের দাবি, ইউরোপে থাকা প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ও এটিএসিএমএস-এর মজুত এমন পর্যায়ে নেমেছে, যা সামরিক পরিকল্পনায় ‘বিয়ন্ড ক্রিটিক্যাল’ হিসেবে বিবেচিত হচ্ছে। অর্থাৎ বড় ধরনের সংঘাত শুরু হলে প্রয়োজনীয় মাত্রায় দ্রুত প্রতিক্রিয়া জানানোর মতো পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র হাতে নাও থাকতে পারে।

সম্প্রতি অ্যাসোসিয়েটেড প্রেসও ইউরোপে মার্কিন প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের ঘাটতিকে ‘বিয়ন্ড ক্রিটিক্যাল’ হিসেবে উল্লেখ করেছে। এতে রাশিয়ার সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ক্ষেত্রে ন্যাটোর প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

তবে পেন্টাগন এ দাবিকে প্রত্যাখ্যান করেছে। পেন্টাগনের মুখপাত্র শন পারনেল মার্কিন অস্ত্রঘাটতি নিয়ে প্রকাশিত কিছু প্রতিবেদনকে ‘ভুল’ বলে দাবি করেছেন। তাঁর ভাষ্য, প্রয়োজন অনুযায়ী সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে।

একসঙ্গে চীন-রাশিয়ার সঙ্গে সংঘাত হলে?

ইরান যুদ্ধের পর অস্ত্রের মজুত কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনাকারীদের সবচেয়ে বড় দুশ্চিন্তা—একই সময়ে অন্য কোনো বড় শক্তির সঙ্গে সংঘাত শুরু হলে কী হবে?

তাইওয়ানকে কেন্দ্র করে চীনের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ কিংবা রাশিয়ার সঙ্গে ন্যাটোর সরাসরি সামরিক সংঘাত হলে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ইন্টারসেপ্টর প্রয়োজন হতে পারে।

এমন পরিস্থিতিতে বর্তমান অস্ত্রঘাটতি যুক্তরাষ্ট্রের ‘ডিটারেন্স’ বা প্রতিরোধক্ষমতাকে দুর্বল করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর প্রভাব পড়তে পারে ইউক্রেনেও। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়ে আসছে। কিন্তু নিজস্ব মজুত পুনর্গঠন না হওয়া পর্যন্ত ইউক্রেনসহ মিত্রদের অতিরিক্ত অস্ত্র সরবরাহ করা কঠিন হতে পারে।

মজুত ফিরতে লাগতে পারে কয়েক বছর

ইরান সংঘাতে ব্যবহৃত বিপুল অস্ত্র দ্রুত প্রতিস্থাপন করা যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ। জাপান, দক্ষিণ কোরিয়া ও জার্মানির মতো মিত্রদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করেও মজুত স্বাভাবিক পর্যায়ে ফিরতে কয়েক বছর সময় লাগতে পারে।

সিএসআইএসের হিসাব অনুযায়ী, ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের মোট প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের প্রায় ৬৫ শতাংশ পর্যন্ত ব্যবহৃত হয়েছে। প্রায় ২ হাজার ৩৩০টি ইন্টারসেপ্টরের মধ্যে আনুমানিক ১ হাজার ৫০০টি ব্যবহার করা হয়েছে বলে ওই হিসাবে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র বর্তমানে বছরে প্রায় ৬০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা রাখে। তবে উৎপাদন আরও বাড়ানোর পরিকল্পনা থাকলেও নতুন ক্ষেপণাস্ত্র হাতে পেতে সময় লাগবে।

জার্মানিতেও ইউরোপের প্রথম প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র চালুর উদ্যোগ রয়েছে। কিন্তু উৎপাদন বাড়ালেই রাতারাতি ঘাটতি পূরণ হবে না।

সরাসরি হামলা কমলেও কাটেনি চাপ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সময়ে সরাসরি হামলার মাত্রা কমেছে। কিন্তু সংঘাত চলাকালে বিপুল অস্ত্র ব্যবহারের ফলে যে ঘাটতি তৈরি হয়েছে, তা দ্রুত কাটছে না।

এখন ওয়াশিংটনকে একদিকে ইরানের ওপর সামরিক চাপ বজায় রাখা, অন্যদিকে চীন ও রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বী শক্তির সম্ভাব্য মোকাবিলার জন্য অস্ত্রের মজুত ধরে রাখার কঠিন সমীকরণ সামলাতে হচ্ছে।

বিশ্লেষকদের আশঙ্কা, দ্রুত মজুত পুনর্গঠন করা না গেলে ইউরোপ ও এশিয়ায় একই সময়ে সংকট দেখা দিলে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার ওপর বড় চাপ তৈরি হতে পারে।

তবে পেন্টাগনের বক্তব্য, মার্কিন সামরিক সক্ষমতা নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। অস্ত্র উৎপাদন বাড়ানো এবং মজুত পুনর্গঠনের কাজ এগিয়ে চলছে।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম