ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৭৬ বার পঠিত | পড়ুন মিনিটে
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় হ্রদের পানিতে সাঁতার কাটার পর বিরল ‘মগজখেকো’ অ্যামিবার সংক্রমণে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আট বছর বয়স পূরণের পরদিনই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় লিলিয়ান স্মার্ট।
সম্প্রতি স্থানীয় ক্লিবোর্ন হ্রদে সাঁতার কাটে লিলিয়ান। এর পরপরই অসুস্থ হয়ে গত ১৫ আগস্ট হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে তার শরীরে নেগ্লেরিয়া ফাউলেরি নামের অ্যামিবার সংক্রমণ শনাক্ত হয়।
গত ১৯ আগস্ট স্বাস্থ্য বিভাগ সংক্রমণের বিষয়টি নিশ্চিত করে। হ্রদের পানিতে সাঁতার কাটার সময়ই অ্যামিবাটি শিশুটির শরীরে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে।
লিলিয়ানের পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় জানায়, সংক্রমণের কারণে তার মস্তিষ্কের ব্যাপক ক্ষতি হয়েছিল। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।
কীভাবে ছড়ায় এই ‘মগজখেকো’ অ্যামিবা?
নেগ্লেরিয়া ফাউলেরি সাধারণত উষ্ণ মিঠা পানিতে বাস করে। দূষিত পানি নাক দিয়ে শরীরে প্রবেশ করলে অ্যামিবাটি নাকের পথ ধরে মস্তিষ্কে পৌঁছাতে পারে। এতে প্রাইমারি অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস (পিএএম) নামে অত্যন্ত বিরল ও প্রাণঘাতী সংক্রমণ হয়।
তবে পানি গিলে ফেললে এ সংক্রমণ হয় না।
রোগের শুরুতে মাথাব্যথা, জ্বর, বমি ও বমিভাব দেখা দিতে পারে। দ্রুত অবস্থা গুরুতর হয়ে খিঁচুনি, চেতনা হারানো এবং কোমা হতে পারে।
বিরল হলেও মৃত্যুহার ভয়াবহ
যুক্তরাষ্ট্রে নেগ্লেরিয়া ফাউলেরির সংক্রমণ অত্যন্ত বিরল। ১৯৩৭ সাল থেকে দেশটিতে প্রায় ১৮০ জন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে আক্রান্তদের প্রায় ৯৭ শতাংশই মারা গেছেন।
জলাশয়ে নিয়মিত এ অ্যামিবার উপস্থিতি পরীক্ষা করা হয় না। ফলে কোনো নির্দিষ্ট হ্রদ বা জলাশয়ের পানিতে এটি আছে কি না, তা আগে থেকে শনাক্ত করা কঠিন।