শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধাজ্ঞা, শুল্কযুদ্ধের উত্তাপ আরও বাড়ল

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধাজ্ঞা, শুল্কযুদ্ধের উত্তাপ আরও বাড়ল

ফাইল ছবি

চীনের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্ক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের সাতটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং। বুধবার ঘোষিত এ সিদ্ধান্ত অনুযায়ী, চীনের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এখন থেকে তালিকাভুক্ত মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসা বা কোনো ধরনের সহযোগিতা করতে পারবে না।

আগামী মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর এবং সম্ভাব্য শি-ট্রাম্প বৈঠকের আগে এই পদক্ষেপ দুই দেশের চলমান বাণিজ্য উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের বিরুদ্ধে ‘প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা’ হিসেবেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় একটি বায়োটেক কোম্পানি, একটি রিসোর্স অ্যানালিটিক্স ফার্মসহ মোট সাতটি মার্কিন প্রতিষ্ঠান রয়েছে। একই সঙ্গে ড্রোন, ড্রোনের যন্ত্রাংশ ও সংশ্লিষ্ট প্রযুক্তি রপ্তানির ওপরও নিয়ন্ত্রণ আরও কঠোর করেছে চীন।

এর আগে উইঘুর ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ৪৩টি চীনা প্রতিষ্ঠানের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এর জবাবে ছয়টি মার্কিন প্রতিষ্ঠানকে চীনের প্রতিরোধমূলক নিষেধাজ্ঞা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া সপ্তম প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিক্রিয়ায়।

গত মাসে জাতীয় নিরাপত্তার অজুহাতে যুক্তরাষ্ট্র চীন থেকে নতুন ধরনের মানবিক রোবট ও চার পায়ের রোবট আমদানিতে নিষেধাজ্ঞা দেয়। এর পাল্টা হিসেবে চীন ড্রোন ও সংশ্লিষ্ট প্রযুক্তি রপ্তানির নিয়ম কঠোর করার পাশাপাশি, মার্কিন বা বিদেশি সফটওয়্যার ব্যবহারকারী সরকারি যন্ত্রপাতির নিরাপত্তা তদন্ত শুরু করেছে। এছাড়া উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কিছু যৌথ পরিদর্শন কার্যক্রমও স্থগিত করেছে বেইজিং।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের জবাবে বেইজিংয়ের সামনে ‘প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা’ নেওয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না।

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রকে অবিলম্বে সংশ্লিষ্ট পদক্ষেপ প্রত্যাহার করতে, ভুল নীতি থেকে সরে আসতে এবং স্থিতিশীল ও গঠনমূলক চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক বজায় রাখতে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।’ একই সঙ্গে তিনি সতর্ক করেন, ওয়াশিংটন নতুন করে কোনো বিধিনিষেধ আরোপ করলে চীন আরও কঠোর পাল্টা ব্যবস্থা নেবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প প্রশাসন ইরানি জ্বালানি পরিবহনের অভিযোগে চীনা শিপিং অপারেটরদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি দুটি শীর্ষস্থানীয় বেসামরিক বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানকে পেন্টাগনের কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য রপ্তানি বন্ধে ব্যর্থতার অভিযোগে চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ এবং চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিশ্লেষকদের মতে, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক, প্রযুক্তি ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা এখন পূর্ণাঙ্গ অর্থনৈতিক ও প্রযুক্তিগত প্রতিযোগিতায় রূপ নিয়েছে। উভয় দেশই কৌশলগত আধিপত্য বজায় রাখতে একের পর এক পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়ে যাচ্ছে।

সূত্র: এপি ও সিএনএন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম