জাতীয় ডেস্ক | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ১২ বার পঠিত | পড়ুন মিনিটে
নতুন প্রজন্মের দক্ষ জনশক্তিকে ইউরোপীয় শ্রমবাজারে ব্যাপকভাবে সম্পৃক্ত করতে একটি বাস্তবসম্মত ও প্রয়োগযোগ্য ‘রোডম্যাপ’ তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেছেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি, তাই এই প্রবাহ বাড়াতে সরকার ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘ইউরোপীয় শ্রমবাজারে ১০ লাখ দক্ষ জনশক্তি: মাস্টারপ্ল্যান (২০২৬-২০৩১) উপস্থাপন এবং প্রবাসীদের রাষ্ট্রীয় অধিকার নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইতাল বাংলা সমন্বয় উন্নয়ন সমিতি ও বাংলাদেশের প্রবাসী উন্নয়ন সমিতি যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
তথ্যমন্ত্রী অভিযোগ করেন, বিগত সরকারের লুটপাটের কারণে দেশ ভঙ্গুর অর্থনীতি ও ঋণের বোঝা উত্তরাধিকার হিসেবে পেয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে রেমিট্যান্স আয় বাড়ানো জরুরি বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী আরও বলেন, তৈরি পোশাক খাত ও রেমিট্যান্স—এই দুই খাতই বর্তমানে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস হলেও আমদানিনির্ভর অর্থনীতিতে টিকে থাকতে নতুন খাত খুঁজতে হবে।
রপ্তানি পণ্যের বহুমুখীকরণের পাশাপাশি প্রবাসে কর্মসংস্থান বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দক্ষ মানবসম্পদ তৈরি করে বিশ্ববাজারে পাঠাতে হবে।
একই সঙ্গে পর্যটন খাতের সম্ভাবনার কথাও তুলে ধরে তিনি বলেন, কক্সবাজার বা কুয়াকাটায় আন্তর্জাতিক মানের অবকাঠামো গড়ে তুলতে পারলে বৈদেশিক মুদ্রা আয়ের নতুন দ্বার উন্মোচিত হবে। প্রবাসীদের দেশের ‘অ্যাম্বাসেডর’ উল্লেখ করে মন্ত্রী বলেন, বিদেশে কর্মরতদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা ও আচরণগত মান উন্নয়ন জরুরি। এ জন্য ভাষা ও কারিগরি দক্ষতার পাশাপাশি সচেতনতা বাড়াতে তথ্য মন্ত্রণালয় সহযোগিতা করবে।
সেমিনারে আগামী পাঁচ বছরে ইউরোপের বাজারে ১০ লাখ জনশক্তি রপ্তানির একটি মাস্টারপ্ল্যান উপস্থাপন করা হয়। এ লক্ষ্য বাস্তবায়নে দক্ষ কর্মীদের ডাটাবেজ তৈরি এবং নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করা এবং জাতীয় সংসদে তাদের জন্য সংরক্ষিত আসন রাখার দাবিও জানানো হয়।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বিএমইটির পরিচালক প্রকৌশলী মো. সালাহ উদ্দিন ও উপপরিচালক মোহাম্মদ আলী মর্তুজা বলেন, ইউরোপীয় বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে ভাষাগত ও কারিগরি দক্ষতায় সেরা হতে হবে। বিশেষ করে কর্মস্থলে টিকে থাকার মানসিকতা তৈরি করা এখন বড় চ্যালেঞ্জ।
মহিউদ্দিন আহমেদ ঝিন্টুর সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা হিসেবে মাস্টারপ্ল্যান উপস্থাপন করেন ইতাল বাংলা সমন্বয় ও উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মোহাম্মাদ তাইফুর রহমান ছোটন। এছাড়া, অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন প্রবাসী সংগঠনের নেতারা বক্তব্য দেন ।