নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৮৯ বার পঠিত | পড়ুন মিনিটে
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র বার্ষিক সাধারণ সভা গত সোমবার ১২ জানুয়ারি জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয়। সভায় বিপুল সংখ্যক জালালাবাদবাসী উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি বদরুল হোসেন খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মঞ্চে ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, জালালাবাদ এসোসিয়েশনের ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, ট্রাস্টি বোর্ডের সদস্য ছদরুন নূর, বাংলাদেশ সোসাইটি ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, বাংলাদেশ সোসাইটি বোর্ড অব ট্রাস্টির সদস্য ও জালালাবাদ এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার আজিমুর রহমান বুরহান, বাংলাদেশ সোসাইটি ও জালালাবাদ এসোসিয়েশনের সাবেক বোর্ড অব ট্রাস্টি সদস্য মকবুল রহিম চুন্নই, জালালাবাদ এসোসিয়েশন সাবেক বোর্ড অব ট্রাস্টি সদস্য বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সহ—সভাপতি মো. লুকমান হোসেন লুকু, সহ—সভাপতি মো. শফিউদ্দিন তালুকদার, সহ—সভাপতি মো. জাবেদ উদ্দিন এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীম।
![]()
এছাড়াও কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রচার ও দপ্তর সম্পাদক ফয়ছল আলম, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বুরহান উদ্দীন, এবং কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবির সোহেল, আব্দুল আজিজ ও মো. দেলোয়ার হোসেন মানিকসহ অন্যান্যরা।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং প্রবাসে বসবাসরত বৃহত্তর সিলেট অঞ্চলের প্রয়াত ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন সভাপতি বদরুল খান। এরপর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীম তাঁদের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাঁর প্রতিবেদনে সংগঠনের সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, শিগগিরই এ বিষয়ে সমাধান আসবে।
সভায় উপস্থিত জালালাবাদবাসী সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের প্রতিবেদনের ওপর মুক্ত আলোচনায় অংশ নেন এবং তাঁদের মতামত তুলে ধরেন। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সাবেক ট্রাস্টি বোর্ড সদস্য অ্যাডভোকেট নাসির উদ্দিন, বিয়ানীবাজার সমিতির প্রধান নির্বাচন কমিশনার আজিজুর রহমান পাখি, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সহ সভাপতি মোঃ তোফায়েল আহমেদ চৌধুরী, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সভাপতি সাব্বির হোসেন, বিয়ানীবাজার সমিতির সহ—সভাপতি মহিবুর রহমান রুহুল, লীগ অব আমেরিকা সাবেক সভাপতি ইমাদ চৌধুরী, বিয়ানীবাজার সমিতির নির্বাচন কমিশনার আমিনুল হোসাইন, বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ মিসবাহ আহমেদ, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি সুহান আহমেদ টুটুল, কুলাউড়া সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ প্রমুখ।
সংগঠনের জ্যেষ্ঠ সদস্য ও সাবেক কর্মকর্তারা বর্তমান কার্যকরী পরিষদকে অন্তত আরও এক বছর দায়িত্বে থাকার অনুরোধ জানান, যাতে চলমান কয়েকটি ইস্যু সঠিকভাবে পরিচালনা করা যায়। তাঁরা ২০২৭ সাল পর্যন্ত বর্তমান কমিটিকে বহাল রাখার অনুরোধ জানান। পাশাপাশি বলা হয়, মামলা যদি এর আগেই নিষ্পত্তি হয়, তাহলে সে সময় নির্বাচন আয়োজন করা যেতে পারে।
দীর্ঘ আলোচনার পর কার্যকরী পরিষদ শুরুতে তাঁদের মেয়াদ বাড়াতে অনিচ্ছা প্রকাশ করেন। তবে জ্যেষ্ঠ সদস্য ও সাধারণ উপস্থিত সদস্যদের বারবার অনুরোধের প্রেক্ষিতে এবং সকলের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকার শর্তে কার্যকরী পরিষদ নির্ধারিত সময়ের জন্য দায়িত্ব পালনে সম্মতি প্রদান করে। উল্লেখ্য দ্বিতীয়বারের মতো এই কমিটির মেয়াদ বাড়লো। সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে জানান, সংগঠনের গঠনতন্ত্র ও সম্মান রক্ষা করে যে কোনো গ্রহণযোগ্য সমাধানে বর্তমান কার্যকরী পরিষদ সর্বদা প্রস্তুত। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আহ্বান জানান এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষণা করেন।