শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

৩৫তম নিউইয়র্ক বাংলা বইমেলা ২২-২৫ মে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৩৫তম নিউইয়র্ক বাংলা বইমেলা ২২-২৫ মে

 

৩৫তম আন্তর্জাতিক নিউইয়র্ক বাংলা বইমেলা অনুষ্ঠিত হবে আগামী ২২ থেকে ২৫ মে। নিউইয়র্ক স্টেটের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত তিন দিনব্যাপী এই বইমেলায় সব ভাষার সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী পাঠক, লেখক ও প্রকাশকদের অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিবছরের মতো এবারও এই বইমেলার আয়োজক মুক্তধারা ফাউন্ডেশন।

 

বইমেলাজুড়ে থাকছে নতুন বইয়ের প্রদর্শনী ও বিক্রি, লেখক—পাঠক—প্রকাশকদের অংশগ্রহণে আলোচনা সভা, সেমিনার ও কথোপকথন। এসব আয়োজনের মধ্য দিয়ে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির আধুনিক চর্চা ও উপলব্ধির প্রতি আয়োজকদের একনিষ্ঠ অঙ্গীকার প্রতিফলিত হবে।

বিগত বছরগুলোর ধারাবাহিকতায় ২০২৬ সালেও প্রদান করা হবে ‘মুক্তধারা জিএফবি সাহিত্য পুরস্কার’। এই পুরস্কারের আর্থিক মূল্যমান ৩ হাজার মার্কিন ডলার। পাশাপাশি অভিবাসী নতুন লেখকদের প্রকাশিত গ্রন্থ থেকে শ্রেষ্ঠ বইকে দেওয়া হবে ‘শহীদ কাদরী গ্রন্থ পুরস্কার’। অংশগ্রহণকারী প্রকাশনা সংস্থাগুলোর মধ্য থেকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে প্রদান করা হবে ‘চিত্তরঞ্জন সাহা শ্রেষ্ঠ প্রকাশনা পুরস্কার’।

 

১৪ জানুয়ারি ঢাকার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ লিখিত বক্তব্যে বলেন, ‘নিউইয়র্ক বাংলা বইমেলা প্রবাসে এক টুকরো বাংলাদেশ।’

 

তিনি জানান, মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা টানা ৩৪ বছর ধরে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। এর যাত্রা শুরু হয় ১৯৯২ সালে বিশ্বজিৎ সাহার একক উদ্যোগে।

 

অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ আরও বলেন, সে বছর জাতিসংঘের সদর দপ্তরের সামনে অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দুই দিনব্যাপী বইমেলার আয়োজনের মাধ্যমে মুক্তধারা ও বাঙালির চেতনা মঞ্চ এই ঐতিহাসিক উদ্যোগের সূচনা করে। আন্তর্জাতিক পরিমণ্ডলে একুশে ফেব্রুয়ারিকে তুলে ধরা এবং একই সঙ্গে বাংলা বইমেলার সূচনা সে সময় ছিল প্রায় অকল্পনীয়। প্রথম দিন ব্রুকলিনের একটি বিদ্যালয়ে এবং দ্বিতীয় দিন কুইন্সের একটি চার্চে টেবিলভিত্তিক বই প্রদর্শনী ও বিক্রি, কবিতা পাঠ ও আলোচনা সভার মাধ্যমে বহির্বিশ্বে এক অভাবনীয় সাংস্কৃতিক আয়োজনের সূচনা ঘটে।

 

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আহ্বায়ক ড. নজরুল ইসলাম। এ সময় মুক্তধারা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য ও ২০২৬ বইমেলার অর্থ কমিটির প্রধান ডা. ফাতেমা আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, কবি ডা. মইনুদ্দিন মুন্সী, লেখক সাদাত হোসাইনসহ বাংলাদেশের প্রকাশক মনিরুল হক, আলমগীর সিকদার লোটন, সাঈদ বারী, দেলোয়ার হাসান, মেসবাহ উদ্দিন আহমেদ, মীর হাকিম এবং যুক্তরাষ্ট্র প্রবাসী কবি ও আবৃত্তিকার ডা. ফারুক আজম উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম