বিনোদন ডেস্ক | বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ৯৯ বার পঠিত | পড়ুন মিনিটে
কখনও ভাবেননি অভিনয়ই হবে তাঁর জীবনের কেন্দ্রবিন্দু। দিল্লির এক সাধারণ পরিবারে বড় হওয়া আনায়া ছোটবেলায় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু কলেজের এক থিয়েটার উৎসবে মঞ্চে প্রথম অভিনয়ের পর নিজের ভেতরের অন্য এক সত্তার সঙ্গে পরিচয় হয়। যে সত্তা গল্প বলতে ভালোবাসে, অন্যের জীবন হয়ে বাঁচতে চায়। সেই মুহূর্তেই যেন নিজের ভেতর একটা আলো জ্বলে ওঠে।
এক সাক্ষাৎকারে আনায়া সিং বলেছিলেন, ‘অভিনয় আমাকে মুক্তি দেয়। যে কথাগুলো আমি বলতে পারি না, যে অনুভূতিগুলো লুকিয়ে রাখি, সেগুলো আমার অভিনীত চরিত্র হয়ে প্রকাশ পায়।’
আনায়ার সিনেমার যাত্রা শুরু হয়েছিল ২০১৭ সালে ‘কয়েদি ব্যান্ড’ সিনেমার মাধ্যমে। যশরাজ ফিল্মসের সেই সিনেমায় তাঁর বিপরীতে ছিলেন রণবীর কাপুরের কাজিন আদার জৈন।
ছবিটি বাণিজ্যিকভাবে খুব একটা সফল হয়নি, কিন্তু আনায়ার অভিনয় নজর কাড়ে কিছু মানুষের। তবে ভাগ্য তখনও তাঁর পক্ষে পুরোপুরি কাজ করেনি। সিনেমাটি মুক্তির পর হঠাৎই জীবনে নেমে আসে ঝড়। বাবার মৃত্যু, মায়ের অসুস্থতা। পরপর ধাক্কায় অভিনয়জীবন থেমে যায় মাঝপথে। সেই সময় আনায়া বলেছিলেন, ‘ক্যারিয়ারের শুরুতেই থেমে যেতে হয়েছিল। কিন্তু আমি জানতাম, একদিন ফিরব। কারণ, আমি এখনও নিজের সেরা কাজটা করিনি।’
তিন বছর পরে আনায়া ফিরে এলেন, কিন্তু সিনেমা নয়, ওটিটিতে। ‘নেভার কিস ইয়োর বেস্ট ফ্রেন্ড’ সিরিজে তাঁকে দেখা গেল একদম নতুন রূপে। চঞ্চল, বাস্তব, এবং গভীর অনুভবসম্পন্ন এক তরুণীর চরিত্রে। এই সিরিজই যেন তাঁর দ্বিতীয় জন্ম। এরপর ‘কোন বানেগী শিখরপতি’ তে রাজকুমারী উমা চরিত্রে আনায়া এক অন্যরকম চেহারা দেখালেন। তবে আনায়া জানেন, অভিনয়ের জগতে শুধু এক-দুটি ভালো কাজ দিয়ে নিজেকে প্রমাণ করা যায় না। তিনি চান নিজের প্রতিটি কাজে নতুন কিছু খুঁজে বের করতে, নিজের সীমা ছাড়িয়ে যেতে।
তারই ধারাবাহিকতায় আনায়ার কাছে এলো নতুন এক সিরিজ; যা তাঁকে নিয়ে গেল স্বপ্নের আরও কাছে। ২০২৫ সালে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘দ্য ব্যা***ডস অব বলিউড’ ‘তাঁর ক্যারিয়ারে নতুন মোড় এনে দিয়েছে। এর হাত ধরে এখন আলোচনায় এই তরুণ অভিনেত্রী। বিশেষ করে জেন-জি প্রজন্মের হৃদয় জয় করেছেন আনায়া।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনীত চরিত্র ও শাহরুখ খানকে ঘিরে কিছু অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি। ‘দ্য ব্যা***ডস অব বলিউড’ সিরিজে ‘আসমান সিং’-এর ম্যানেজার ‘সানিয়া’ চরিত্রে অভিনয় করেছেন আনায়া।
এক সাক্ষাৎকারে আনায়া বলেন, ‘একজন শিল্পী হিসেবে আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। নতুন নতুন চরিত্র সৃষ্টি করতে ভালোবাসি। কোনো চরিত্রকে পর্দায় তুলে ধরার পুরো প্রক্রিয়া আমি ভীষণ উপভোগ করি।’
এই মন্তব্যে বোঝা যায়, আনায়া এখন শুধু একজন অভিনেত্রী নন, তিনি এক চিন্তাশীল শিল্পীও। এক সাংবাদিক তাঁকে জিজ্ঞেস করেছিলেন, ‘আপনি কি নিজের জায়গা তৈরি করতে পেরেছেন?’
আনায়া কিছুক্ষণ চুপ থেকে হেসে বলেছিলেন, ‘না, এখনও পারিনি। কারণ, আমি এখনও সেই জায়গাটা খুঁজছি। যেখানে আমি নিজেকেও ছাড়িয়ে যেতে পারব।’