ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩০ বার পঠিত | পড়ুন মিনিটে
টিকটককে হাতিয়ার বানিয়ে বাংলাদেশে প্রেমের ফাঁদ পাতার অভিযোগ উঠেছে চীনা নাগরিক চেন ইয়ংয়ের বিরুদ্ধে। ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরী ও নারীদের সঙ্গে পরিচয় গড়ে বিয়ের প্রলোভন দেখাতেন তিনি। পরে স্ট্যাম্পে বিয়ের ভুয়া কাগজপত্র তৈরি করে বিশ্বাস অর্জন করে ঢাকার বিভিন্ন ভাড়া বাসায় নিয়ে আটকে রেখে ধর্ষণ করতেন বলে অভিযোগ রয়েছে। মাত্র তিন মাসে অন্তত ১৫ নারীকে বিয়ে করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
সর্বশেষ মানিকগঞ্জের ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে ঢাকায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন বয়সী একাধিক নারী ঘটনাস্থলে এসে চেন ইয়ংয়ের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেন। তাদের মধ্যে সাভারের এক নারীও তাকে নিজের স্বামী বলে দাবি করেন।
সোমবার (২৩ নভেম্বর) রাতে ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার ও চেন ইয়ংকে গ্রেফতার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে তাকে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। পরদিন তার বাবা মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর শিক্ষার্থীর সন্ধানে তদন্ত শুরু করে পুলিশ।
নিখোঁজের কয়েক দিন পর সোমবার রাতে ওই শিক্ষার্থী তার বড় বোনকে ফোন করে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল। একপর্যায়ে বিয়ের প্রলোভনসহ নানা আশ্বাস দিয়ে তাকে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁ থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করে সে।
বড় বোনের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের ওই বাসার অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চীনা পাসপোর্ট, দুটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে চেন ইয়ংয়ের প্রতারণার কৌশল সম্পর্কে নানা তথ্য উঠে এসেছে। পুলিশ জানায়, ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকের মাধ্যমে বিভিন্ন কিশোরী ও অবিবাহিত নারীর সঙ্গে পরিচিত হতেন তিনি। ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রস্তাব দিতেন। এরপর স্ট্যাম্পে বিয়ের ভুয়া কাগজপত্র তৈরি করে বিশ্বাসযোগ্যতা অর্জন করে নারীদের ঢাকার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় নিয়ে আটকে রেখে ধর্ষণ করতেন বলে অভিযোগ রয়েছে।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে গত তিন মাসে অন্তত ১৫ নারীকে বিয়ে করার তথ্য পেয়েছে পুলিশ।
পুলিশের ধারণা, এ ঘটনায় আরও নারী ভুক্তভোগী থাকতে পারেন। পাশাপাশি এসব ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা চেন ইয়ংকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় জিডি হওয়ার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। পরে তার বড় বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরা থেকে শিক্ষার্থীকে উদ্ধার ও চেন ইয়ংকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।