শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইরান যুদ্ধের প্রভাব, যুক্তরাজ্যে জানুয়ারি থেকে জ্বালানি বিল বাড়ছে ২৬ শতাংশ

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরান যুদ্ধের প্রভাব, যুক্তরাজ্যে জানুয়ারি থেকে জ্বালানি বিল বাড়ছে ২৬ শতাংশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় আগামী জানুয়ারি থেকে যুক্তরাজ্যের লাখ লাখ পরিবারের বিদ্যুৎ ও গ্যাসের বিল ২৬ শতাংশ বাড়ছে। নতুন মূল্যসীমা নির্ধারণের এ সিদ্ধান্ত জানিয়েছে দেশটির জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা অফজেম।

যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল ব্যাপকভাবে কমে গেছে। এতে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সরবরাহ সংকটের আশঙ্কায় জ্বালানির দাম বেড়ে যাওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

যুক্তরাজ্যে বিদ্যুৎ ও গ্যাসের সর্বোচ্চ খুচরা মূল্যসীমা বা ‘এনার্জি প্রাইস ক্যাপ’ নির্ধারণ করে অফজেম। প্রতি তিন মাস পরপর এই মূল্যসীমা পুনর্নির্ধারণ করে সংস্থাটি। বুধবার এক বিবৃতিতে অফজেম জানায়, আগামী জানুয়ারি থেকে জ্বালানির এই মূল্যসীমা ২৬ শতাংশ বাড়ানো হবে।

নতুন মূল্যসীমা কার্যকর হলে সাধারণ পরিবারের বছরে জ্বালানি বাবদ ব্যয় প্রায় ৪৪৩ পাউন্ড বাড়বে। ফলে বার্ষিক বিল দাঁড়াবে প্রায় ২ হাজার ১৬৬ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭২ হাজার ৭১৫ টাকা।

অফজেমের বাজারবিষয়ক মহাপরিচালক নিল কেনওয়ার্ড বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত জ্বালানির ব্যয় ক্রমাগত বাড়িয়ে চলেছে। শীতকাল ঘনিয়ে আসার এই সময়ে মূল্যবৃদ্ধি অনেক পরিবারের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে।

নতুন মূল্যসীমার প্রভাব পড়বে যুক্তরাজ্যের প্রায় ২ কোটি পরিবারের ওপর। এসব পরিবার পরিবর্তনশীল মূল্যহারের সাধারণ জ্বালানি চুক্তির আওতায় রয়েছে। তবে নির্দিষ্ট মেয়াদের জন্য নির্ধারিত মূল্যহারে (ফিক্সড রেট) চুক্তি করা আরও ১ কোটি পরিবার আপাতত এই মূল্যবৃদ্ধির বাইরে থাকবে। চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তাদের বাড়তি মূল্য পরিশোধ করতে হবে না।

জ্বালানির মূল্যবৃদ্ধির চাপ সামাল দিতে সরকার পরিবারপ্রতি জ্বালানি বিলে ১০০ পাউন্ড এককালীন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ প্রায় ১৬ হাজার ৪১৪ টাকা। তবে এই সহায়তা সত্ত্বেও নতুন মূল্যসীমা কার্যকর হলে বহু পরিবারকে আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হবে।

গত অক্টোবর মাসে প্রকাশিত বার্ষিক বাজেট প্রতিবেদনে ২ কোটি পরিবারের জন্য এই ভর্তুকির ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে গ্যাস বিলের নির্দিষ্ট ফি তুলে নেওয়ার পরিকল্পনার কথাও জানায় সরকার। এ ছাড়া গৃহস্থালি বিদ্যুৎ বিলের ওপর সাময়িক কর ছাড়ের মেয়াদ বাড়ানো হয়েছে।

এদিকে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর ইউরোপের প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় ১৯০ শতাংশ বেড়েছে। ডাচ টিটিএফ ফিউচার চুক্তির হিসাবে, প্রতি মেগাওয়াট-ঘণ্টার দাম প্রায় ৩২ ইউরো থেকে বেড়ে ৯২ ইউরোতে পৌঁছেছে, যা প্রায় ১০১ ডলারের সমান।

জ্বালানির পাশাপাশি পরিবহন খাতেও যুদ্ধের প্রভাব পড়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে মোটর জ্বালানির ব্যয় বেড়ে যাওয়ায় গত অক্টোবরে যুক্তরাজ্যের বার্ষিক মূল্যস্ফীতি ৩ দশমিক ৬ শতাংশে দাঁড়ায়। গত ১২ মাসের মধ্যে এটিই ছিল সর্বোচ্চ হার।

বিশ্লেষকদের আশঙ্কা, জানুয়ারি থেকে জ্বালানির নতুন মূল্যসীমা কার্যকর হলে আগামী বছর দেশটিতে মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও বাড়ার আশঙ্কা রয়েছে।

তবে বর্তমান পরিস্থিতি ২০২২ সালের জ্বালানি সংকটের তুলনায় এখনো কম উদ্বেগজনক। ওই বছর রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর ইউরোপজুড়ে জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল। যুক্তরাজ্যে জ্বালানির সর্বোচ্চ মূল্যসীমা সবচেয়ে বেশি বেড়েছিল ২০২২ সালের অক্টোবরে। তখন এক দফায় জ্বালানির দাম ৮০ শতাংশ বাড়ানো হয়েছিল।

সূত্র: এএফপি ও আরব নিউজ

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম