ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৫ বার পঠিত | পড়ুন মিনিটে
ভারতে হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে ডরিনকে গ্রেফতার করে। ডিবি সূত্রে এ তথ্য জানা গেছে।
গ্রেফতার মুনতারিন ফেরদৌস ডরিন (২৪) ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে।
২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে আনোয়ারুল আজীম আনার নিখোঁজ ও হত্যাকাণ্ডের ঘটনার পর আলোচনায় আসেন ডরিন। বাবার নিখোঁজের ঘটনায় বিভিন্ন সময় গণমাধ্যমে বক্তব্য দেন তিনি। পরে বাবার হত্যাকাণ্ডের বিচার দাবিতেও সরব ছিলেন ডরিন।
তবে ডরিনকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। গ্রেফতারের কারণ ও মামলার বিষয়ে ডিবি সূত্র তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য দিতে পারেনি।