নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ২০ বার পঠিত | পড়ুন মিনিটে
‘গর্ভের সন্তান বিক্রি করতে চান আঁখি’ শিরোনামে সংবাদ প্রকাশের পর অসহায় ওই নারীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবারটিকে আর্থিক সহায়তা হিসেবে এক লাখ টাকার চেক দেওয়া হয়েছে। পাশাপাশি সন্তান প্রসবের সব খরচ বহন ও কর্মসংস্থানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রকাশিত সংবাদে উঠে আসে, তৃতীয়বারের মতো মা হতে যাওয়া আঁখির স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির চিকিৎসা ও সংসারের ব্যয় মেটাতে গিয়ে ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েছে পরিবারটি। ঋণ পরিশোধের অসহায় চেষ্টা থেকেই অনাগত সন্তানকে ‘বিক্রি’ করার কথা ভাবতে বাধ্য হন আঁখি।
প্রতিবেদনটি প্রকাশের দিনই বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। মানবিক বিবেচনায় পরিবারটির খোঁজখবর নিতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পর দ্রুততম সময়ে আঁখি ও তার পরিবারের সন্ধান করা হয়। মাত্র এক ঘণ্টার মধ্যে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন প্রধানমন্ত্রী।
পরিবারটির দুরবস্থার কথা জানার পর তাদের সহায়তায় উদ্যোগ নেন তারেক রহমান। এরই ধারাবাহিকতায় গত রোববার আঁখি ও তার পরিবারকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা হয়। সেখানে পরিবারের হাতে এক লাখ টাকার একটি চেক তুলে দেওয়া হয়।
এ ছাড়া আঁখির সন্তান প্রসবের যাবতীয় খরচ বহন এবং পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।