ডেস্ক রিপোর্ট | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১৯ বার পঠিত | পড়ুন মিনিটে
ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী মাসে চীনে এ বৈঠক আয়োজনের প্রস্তাব দিলেও এতে এখনো সম্মতি দেননি ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে এ বৈঠক হতে পারে। তবে প্রস্তাবটি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের বাইরে রেখে যুদ্ধ নিয়ে আলোচনার সম্ভাবনা উদ্বেগ তৈরি করেছে। কারণ, যুদ্ধের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট ইউক্রেন ও ইউরোপের নেতারা সম্ভাব্য এ আলোচনায় অংশ নেওয়ার সুযোগ নাও পেতে পারেন।
সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে বৈঠকের আলোচ্যসূচি কী হবে, কিংবা আদৌ বৈঠকটি অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো সমঝোতা হয়নি বলে জানান তিনি।
ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়, গত ৯ অক্টোবর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপকালে পুতিন এ বৈঠকের প্রস্তাব দেন। রাশিয়ার সাবেক এক গোয়েন্দা কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
ওই ফোনালাপে রুশ ডিজেল জ্বালানি কেনা এবং আন্তর্জাতিক বাজারে তা বিক্রির সুযোগ করে দেওয়ার বিষয়েও একটি সমঝোতা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে গত মাসে ট্রাম্পের স্বাক্ষরিত একটি দ্বিদলীয় বিলের আওতায় রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন স্থগিত রেখেছে ওয়াশিংটন। এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন বেশ কয়েকজন মার্কিন আইনপ্রণেতা। তাঁদের মধ্যে ট্রাম্পের নিজ দলের মিত্ররাও রয়েছেন।
হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নাল-কে বলেন, জ্বালানির দাম কমানোর কার্যকর বিকল্প খুব বেশি না থাকায় ট্রাম্প এসব সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল ও রয়টার্স।