ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ২৮ বার পঠিত | পড়ুন মিনিটে
ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে ভক্তদের ওপর ট্রাক উঠে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গোয়ালিয়রের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) ধর্মবীর সিং জানান, ছিনোর দিক থেকে আসা ধানবোঝাই একটি ভারী ট্রাক ঢাল বেয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারায়। ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ট্রাকটি পুলিশের ব্যারিকেড ও চেকপোস্ট ভেঙে ভক্তদের ওপর উঠে যায়। পরে শীতলা মাতা মন্দিরের মূল ফটক ও প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়ে ট্রাকটি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নবরাত্রি উপলক্ষে মন্দির এলাকায় বিপুলসংখ্যক ভক্তের সমাগম হয়েছিল। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে অ্যাম্বুলেন্সে করে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
গোয়ালিয়রের কালেক্টর রুচিকা চৌহান জানান, দুর্ঘটনায় আহত ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। অন্যরা সামান্য আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।