শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নিউইয়র্কে মেধাবী নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিনের মৃত্যুতে শোকে মুহ্যমান কমিউনিটি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে মেধাবী নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিনের মৃত্যুতে শোকে মুহ্যমান কমিউনিটি

নিউইয়র্কে মেধাবী নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসকে হারিয়ে শোকে মুহ্যমান বাংলাদেশি কমিউনিটি। ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস’র (বিপা) অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিচালক অ্যানি ফেরদৌস এবং প্রকৌশলী জাফর আহমেদ দম্পতির একমাত্র কন্যা, বিশিষ্ট নৃত্যশিল্পী ও শিক্ষক তাহসিন ফেরদৌস (৩৫) আর নেই। তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিউইয়র্কে সর্ববৃহৎ সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিপা। প্রবাসে হাজার হাজার ছেলেমেয়ের সংগীত ও নৃত্যের হাতেখড়ি হয় এই প্রতিষ্ঠান থেকে। তাহসিন এই প্রতিষ্ঠানের একজন সাবেক ছাত্রী ও বর্তমানে শিক্ষকও। নিউইয়র্ক সিটি স্কুলের একজন শিক্ষিকাও।

স্থানীয় সময় রোববার ১৮ অক্টোবর ভোরে নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি আমেরিকান স্বামী, লুকাস নামের এক শিশুপুত্র, বাবা—মা সহ অসংখ্য স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

হঠাৎ তীব্র ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হলে শনিবার জরুরি ভিত্তিতে তাঁকে জ্যামাইকা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকেরা তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন। তবে সংক্রমণ দ্রুত পুরো শরীরে ছড়িয়ে পড়ায় চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও তাঁর জীবন রক্ষা করা সম্ভব হয়নি।
পেশাগত জীবনে তাসীন ফেরদৌস নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশনের একজন শিক্ষক ছিলেন। পেশার পাশাপাশি তিনি ঐতিহ্যবাহী নৃত্যে বাংলা সাংস্কৃতিক পরিমণ্ডলে বিশেষ সমাদৃত ছিলেন। মায়ের অনুপ্রেরণায় শৈশবেই বিপা’র মাধ্যমে তাঁর নাচের পাঠ শুরু হয়।

বিপা এবং শিব জ্যোতি ড্যান্স একাডেমির মাধ্যমে তাসীন নিউইয়র্কের মূলধারার বহু সাংস্কৃতিক মঞ্চ এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে নিয়মিত নৃত্য পরিবেশন করে বাংলার ঐতিহ্য তুলে ধরেছেন। সাংস্কৃতিক কর্মকাণ্ডের বাইরেও তিনি ব্রুকলিনের কেনসিংটনসহ স্থানীয় অভিবাসী বাংলাদেশিদের নাগরিক অধিকার রক্ষা ও বিভিন্ন সমাজসেবামূলক উদ্যোগে সক্রিয় ছিলেন।
মাত্র ৩৫ বছর বয়সে সম্ভাবনাময় এই শিল্পীর আকস্মিক প্রয়াণে নিউইয়র্কের প্রবাসী বাঙালি সমাজ ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত মা অ্যানি ফেরদৌস ও বাবা জাফর আহমেদসহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ, সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, চট্রগাম সমিতির সভাপতি আবু তাহের, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম , নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম ও সাধারন সম্পাদক মমিন মজুমদার পৃথক পৃথক বিবৃতিতে তাহসিনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম