ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ২৫ বার পঠিত | পড়ুন মিনিটে
মক্কা ও মদিনা ছাড়া সৌদি আরবের বাকি আকাশসীমাকে অনিরাপদ ঘোষণা করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। একই সঙ্গে দেশটির তেল স্থাপনাগুলো থেকে কর্মী ও সাধারণ নাগরিকদের দূরে থাকার সতর্কবার্তা দিয়েছে গোষ্ঠীটি। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর শেয়ারহোল্ডারদেরও শেয়ার বিক্রি করে দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
হুতিদের নিয়ন্ত্রণাধীন সংবাদ সংস্থা সাবার এক প্রতিবেদনে সামরিক সূত্রের বরাতে বলা হয়েছে, ‘মক্কা ও মদিনা ছাড়া সৌদি আকাশসীমা অনিরাপদ।’ সতর্কবার্তা উপেক্ষা করলে সংশ্লিষ্টদের কোনো অজুহাত গ্রহণ করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে সূত্রটি।
আরামকোর শেয়ারহোল্ডারদের উদ্দেশে সামরিক সূত্রটি বলেছে, ‘ক্ষতি এড়াতে আমরা আরামকোর শেয়ারহোল্ডারদের পরামর্শ দিচ্ছি, যেন খুব দেরি হওয়ার আগেই তারা তাদের শেয়ার তুলে নেন।’ তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি হুতিরা।
এর আগে সৌদি আরবের নাজরান শহরের একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো ধরনের প্রক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনায় ছয়জন আহত হওয়ার কথা জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।
এ ছাড়া সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্র দুটি সৌদি আরবের খামিস মুশাইত শহর লক্ষ্য করে ছোড়া হয়েছিল।
অক্টোবরের শুরু থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ও হুতিদের মধ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা উত্তেজনা এবং সংঘর্ষের মধ্যেই এসব ঘটনা ঘটছে। হুতিদের সামরিক সক্ষমতা লক্ষ্য করে বড় পরিসরে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে জোটটি। অন্যদিকে, সৌদি আরবের বিমানবন্দর ও বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতিরা।
সূত্র: মিডলইস্ট মনিটর